AUS vs IND: দলের স্বার্থেই রোহিতের উচিত...! অ্যাডিলেড টেস্ট নিয়ে কীসের কথা বলছেন ভাজ্জি?
AUS vs IND: অ্যাডিলেডে শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারত। রোহিত শর্মার দলের সম্ভাব্য ব্যাটিং অর্ডার নিয়ে চর্চা তুঙ্গে।
দিন-রাতের প্রস্তুতি ম্যাচে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করেছিলেন লোকেশ রাহুল। বিরাট কোহলি ও ঋষভ পন্থ ব্যাটিং না করায় রোহিত নামেন চারে। হরভজন সিং এবার রোহিতের ব্যাটিং পজিশন নিয়ে বড় মন্তব্য করলেন।

হরভজনের কথায়, আমি মনে করি না রোহিতের পাঁচ বা ছয়ে নামা উচিত। হয় তাঁর ওপেন করা উচিত। সেক্ষেত্রে রাহুলকে তিনে নামানো যেতে পারে। না হলে রোহিত তিনে নামুন, তাঁর নীচে নয়। ছয় নম্বরে রোহিতের ব্যাট করতে নামায় দল উপকৃত হবে না।
ভাজ্জি মনে করেন, ব্যাটিং অর্ডারের প্রথম চার ব্যাটার দলের চার স্তম্ভ। রোহিত টপ অর্ডারে থাকলে ভারত লাভবানই হবে বলে আত্মবিশ্বাসী হরভজন। তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, যশস্বী ও রাহুল ওপেনার হিসেবে খেলুন। রোহিত তিনে, বিরাট চারে।
শুভমান গিল গোলাপি বলে দিন-রাতের টেস্টে অর্ধশতরান করেছেন। হরভজন বলেন, গিলের সুযোগের জন্য অপেক্ষা করা উচিত। জুরেল ম্যাচ খেললেন, রান পাননি, তাঁকে বাইরে রাখার কথা ভাবা যেতে পারে। কিন্তু গিলকে ওপেনিং পজিশন থেকে পাঁচে ঠেলে দেওয়াটা ঠিক নয়।
হরভজনের কথায়, কোনও সন্দেহ নেই জটিল পরিস্থিতি। আমার ধারণা জুরেলের চেয়ে গিল এগিয়ে। কিন্তু এটাও মনে করি, জুরেলকেই খেলানো উচিত। সুযোগ দেওয়া উচিত। উল্লেখ্য, জুরেল পারথ টেস্টে ১১ ও ১ রান করেছিলেন দুই ইনিংসে।
ভারতীয় একাদশে ওয়াশিংটন সুন্দরকে খেলানোয় আপত্তি নেই ভাজ্জির। তিনি বলেন, নিউজিল্যান্ড সিরিজে সুন্দর দক্ষতা ও পারদর্শিতা দেখিয়েছেন। বুঝিয়েছেন তিনি প্রস্তুত। তবে রবিচন্দ্রন অশ্বিনের বয়সও ৩৮, ৫৮ নয়। এটা ঠিক, বয়স বাড়লে ক্লান্তি আসে। কাঁধেও তার প্রভাব পড়ে। উল্লেখ্য, গোলাপি বলের টেস্টে এই মুহূর্তে দেশের সেরা বোলার অশ্বিনই।












Click it and Unblock the Notifications