AUS vs IND: লাঞ্চের ঠিক আগের বলে উইকেট ছুড়লেন শুভমান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে চাপে ভারত
AUS vs IND: প্রাথমিক ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছিল ভারত। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে ভারতকে অস্বস্তিতে রাখল শুভমান গিলের উইকেট ছুড়ে দেওয়া।
যার জেরে সিডনিতে চলতি সিরিজের পঞ্চম টেস্টের প্রথম সেশনে এগিয়ে থাকল অস্ট্রেলিয়াই। টস জিতে ব্যাট করতে নেমে ভারতের স্কোর ২৫ ওভারে ৩ উইকেটে ৫৭ রান।

ভারত এদিন প্রথম উইকেট হারায় ১১ রানে, পঞ্চম ওভারের শেষ বলে। দ্বিতীয় উইকেটটি পড়ে ৭.৪ ওভারে ১৭ রানের মাথায়। এরপর দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শুভমান গিল ও বিরাট কোহলি। কিন্তু অপ্রয়োজনীয়ভাবে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে উইকেটটি উপহার দিলেন গিল।
নাথান লিয়ঁর বল ক্রিজ ছেড়ে বেরিয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে চেয়েছিলেন গিল। কিন্তু বলটি কীভাবে আসছে তা পুরোপুরি আঁচ করতে পারেননি। ফলে স্লিপে সহজ ক্যাচ দেন স্টিভ স্মিথের হাতে। ২টি চারের সাহায্যে শুভমান ৬৪ বলে ২০ রান করেন।
রোহিত শর্মা সরে দাঁড়ানোয় তাঁর জায়গায় দলে প্রত্যাবর্তন হলো গিলের। ভালোই খেলছিলেন। রক্ষণাত্মক শট খেলে ধৈর্যের পরীক্ষাও দিচ্ছিলেন। একটি বল খেললেই যেখানে লাঞ্চ হবে, সেখানে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত কেন নিলেন সেটাই বড় প্রশ্ন।
রোহিত শর্মা মেলবোর্নে শেষ টেস্ট খেলে ফেলেছেন বলে ধারণা সুনীল গাভাসকরেরও। তবে ভারতের ওপেনিং জুটি প্রথম ইনিংসে ব্যর্থ। লোকেশ রাহুল এদিন মিচেল স্টার্কের বল লেগ সাইডে খেলতে গিয়ে লোপ্পা ক্যাচ দিলেন স্যাম কনস্টাসের হাতে, ক্যাচ প্র্যাকটিস করানোর মতো।
রাহুল ১৪ বলে ৪ রান করে আউট হন। যশস্বী জয়সওয়াল ২৬ বলে ১০ রানের বেশি করতে পারেননি। তিনি মেরেছেন ১টি চার। যশস্বী স্কট বোল্যান্ডের শিকার হন। এর পরের বলেই আউট হতে পারতেন বিরাট কোহলি। তৃতীয় আম্পায়ারের ক্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক, মতের বিভাজন রয়েছে। তবে বড় পরিত্রাণ পান কোহলি।
বিরাট কোহলিকে গোল্ডেন ডাক নিয়ে ফিরতে হয়নি ইংরেজি নতুন বছরের প্রথম ইনিংসে। আপাতত ৪৮ বল খেলে ১২ রানে অপরাজিত রয়েছেন বিরাট। কোনও চার বা ছক্কা এখনও আসেনি কোহলির ব্যাট থেকে। তৃতীয় উইকেটের জুটিতে বিরাট ও শুভমান জুড়েছেন ৪০ রান।
মিচেল স্টার্ক ১টি মেডেন-সহ ৭ ওভারে ২৪ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। স্কট বোল্যন্ডের পাঁচ ওভারের তিনটি মেডেন, তিনি ৫ রান খরচ করে একটি উইকেট ঝুলিতে পুরেছেন। নাথান লিয়ঁর বোলিং ফিগার ২ ওভার ১ মেডেন ১ রান দিয়ে ১ উইকেট। প্যাট কামিন্স ১টি মেডেন-সহ ৭ ওভারে ১৬ এবং এই টেস্টে অভিষেক হওয়া বিউ ওয়েবস্টার ২টি মেডেন-সহ ৪ ওভারে ২ রান দিয়ে কোনও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications