AUS vs IND: সচিনের রেকর্ড ভাঙার মুখে কোহলি, পারথের অপটাসে গিল অনুপস্থিত, ভারতীয় একাদশে কোন চমক?
AUS vs IND: শুক্রবার থেকে পারথের অপটাস স্টেডিয়ামে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। ওয়াকায় নেট প্র্যাকটিস ও প্রস্তুতি ম্যাচ খেলার পর আজ থেকে অপটাসে প্র্যাকটিস শুরু করল ভারত।
তবে ভারতীয় দলের অনুশীলনে এদিন দেখা যায়নি শুভমান গিলকে। হাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচারের কারণে তিনি প্রথম টেস্টে খেলতে পারবেন না। ফলে ভারতের ব্যাটিং একাদশ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

বিরাট কোহলির দিকে রয়েছে সকলেরই নজর। অস্ট্রেলিয়ায় পাঁচটি টেস্টের একটিতে বিরাট শতরান হাঁকালেই ভেঙে যাবে সচিন তেন্ডুলকরের রেকর্ড। সচিন ২০টি টেস্টে অস্ট্রেলিয়ায় ৬টি টেস্ট শতরান পেয়েছেন। কোহলির রয়েছে ১৩টি টেস্টে ৬টি শতরান।
ফলে একটি শতরান করলেই সচিনকে পিছনে ফেলে ভারতীয় ব্যাটারদের মধ্যে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড দখলে নেবেন কোহলি। অস্ট্রেলিয়ায় সফররত কোনও দলের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট শতরানের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের জ্যাক হবসের (২৪ টেস্টে ৯টি শতরান)। সেটিও টার্গেট করতেই পারেন বিরাট।
অস্ট্রেলিয়ার মাটিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে সবচেয়ে বেশি সাতটি শতরানের রেকর্ড রয়েছে রিকি পন্টিংয়ের। সেই রেকর্ড ভাঙাও ছন্দে থাকা কোহলির পক্ষে অসম্ভব নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে রানের নিরিখে ভিভিএস লক্ষ্মণকেও পিছনে ফেলতে পারেন কোহলি।
অজিদের বিরুদ্ধে কোহলির ২৫টি টেস্টে রয়েছে ২০৪২ রান। লক্ষ্মণের রয়েছে ২৯টি টেস্টে ২৪৩৪ রান কোহলি ৩৯৩ রান করলেই উঠে আসবেন দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৯টি টেস্টে ৩৬৩০ রান রয়েছে তেন্ডুলকরের, যা ভারতীয়দের মধ্যে সর্বাধিক।
ভারতের প্রথম ব্যাটার হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রানের মাইলস্টোন স্পর্শের চেয়ে ৫৭৩ রান দূরে কোহলি। জো রুট (৫৩২৫), মার্নাস লাবুশেন (৩৯০৪), স্টিভ স্মিথ (৩৪৮৬), বেন স্টোকস (৩১৫৪) রয়েছেন কোহলির (২৪২৭) আগে।
ভারতের প্র্যাকটিস সেশনে স্লিপ কর্ডন দেখেই টেস্টের ব্যাটিং লাইন-আপের আভাস মিলেছে। বিরাটের সঙ্গে যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল ও দেবদত্ত পাড়িক্কলকে দেখা গিয়েছে স্লিপে ফিল্ডিং প্র্যাকটিস করতে, গালিতে ধ্রুব জুরেল। মনে করা হচ্ছে, রাহুল ও যশস্বী ওপেন করবেন। তিনে পাড়িক্কল। সরফরাজ নন, জুরেলকেই দেখা যেতে পারে ভারতের একাদশে।












Click it and Unblock the Notifications