AUS vs IND: বিরাটকে নিয়ে গাভাসকরের বক্তব্যে সায় সৌরভের, ছোটবেলার কোচ রাজকুমারের সঙ্গে কথা কোহলির
AUS vs IND: বিরাট কোহলির ফর্মে ফেরা নিয়ে আশাবাদী সুনীল গাভাসকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে দুজনেরই মতে, কোহলিকে প্রলোভনে পা দিলে চলবে না।
সুনীল গাভাসকর ইতিমধ্যেই বলেছেন, সিডনি টেস্টে সচিন তেন্ডুলকরের ইনিংস দেখে এবং নিজের বড় রানের ইনিংসগুলির ভিডিও দেখুন বিরাট। আজ সৌরভও দিলেন পরামর্শ।

বিরাট কোহলিকে অফ-স্টাম্পের বাইরে বল দিয়ে প্রলুব্ধ করছেন অজি পেসাররা। কোহলিও ড্রাইভ খেলতে গিয়ে ক্যাচ দিচ্ছেন স্লিপ কিংবা উইকেটকিপারের হাতে। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, বোলাররা বিরাটকে ওই লাইনেই বল করবেন। ফলে অফ-স্টাম্পের বাইরের বলগুলি ছাড়তে হবে।
বিরাট কোহলি পারথ টেস্টে শতরান পেয়েছেন। বাকি টেস্টগুলিতেও সাফল্য পাবেন বলে নিশ্চিত সৌরভ। কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মার দাবি, বিরাটের সঙ্গে তাঁর কথা হয়েছে। তবে কী কথা হয়েছে তা সংবাদমাধ্যমের সামনে আনতে চান না।
রাজকুমারও আশাবাদী, বিরাট ফের রানে ফিরবেন। তবে সুনীল গাভাসকরের মন্তব্য নিয়ে রাজকুমার বলেন, উনি গ্রেট প্লেয়ার। তাঁর পরামর্শও স্বাগত। কিন্তু আশা করব তিনি বাকিদের ব্য়াটিং নিয়েও পরামর্শ দেবেন।
রাজকুমার বলেছেন, বিরাট ২০০৮ থেকে খেলছেন। দুটি ইনিংসের ভিত্তিতে তিনি ফর্মে নেই, এটা বলা ঠিক হচ্ছে না। চলতি সিরিজেও বিরাট শতরান করেছেন। কতজন প্লেয়ার এই সিরিজে সেঞ্চুরি করেছেন? বাংলাদেশ সিরিজ থেকে ধরলে ২০২৪-২৫ মরশুমে টেস্টে প্রথম ইনিংসে কোহলির ব্যাটিং গড় নেমে এসেছে ৯.১২৫-এ।
কোহলি এই সময়কালে প্রথম ইনিংসে ৮ বার খেলতে নেমে ৭৩ রান করেছেন। ব্রিসবেন টেস্ট পর্যন্ত তাঁর প্রথম ইনিংসের স্কোর ৬, ৪৭, ০, ১, ৪, ৫, ৭ ও ৩। যদিও এই সব পরিসংখ্যানে আমল দিতে নারাজ রাজকুমারের সাফ কথা, বিরাট যে মানের প্লেয়ার তিনি ঘুরে দাঁড়াবেনই। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিরাটের চেয়ে ধারাবাহিক আর কেউ নন বলেই দাবি রাজকুমারের। ফলে তাঁকে নিয়ে কিছু বলা, সমালোচনা করা অনুচিত বলেই মনে করেন তিনি।
বিরাট যথেষ্ট পরিণত। খেলা যথেষ্ট ভালো বোঝেন। তাঁর টেকনিকেও সমস্যা নেই বলেই জানান রাজকুমার। তাঁর কথায়, বিরাট নিজেও জানেন কোথায় ভুল হচ্ছে। তিনি এই সিরিজেই ঘুরে দাঁড়াবেন।












Click it and Unblock the Notifications