AUS vs IND: অস্ট্রেলিয়া সফরে রওনা হওয়ার আগে প্রশ্নবাণ সামলাবেন গম্ভীর, ভারতের সূচি একনজরে
AUS vs IND: পাঁচ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে ভারতীয় দল। নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে রোহিত শর্মার দল।
এর ফলে, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার রাস্তা কিছুটা কঠিন হয়ে গিয়েছে ভারতের পক্ষে। ফলে বেশ চাপে থেকেই ডাউন আন্ডারে গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে যাচ্ছে ভারত।

কিউয়িদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। রোহিতের স্ত্রী রীতিকা সন্তানসম্ভবা। ফলে পারথে প্রথম টেস্টে অনিশ্চিত ভারত অধিনায়ক। তাঁর পরিবর্তে সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহকেই অধিনায়কত্ব সামলাতে হবে বলে মনে করা হচ্ছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিপর্যয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হননি ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। বিভিন্ন সংবাদমাধ্যমে জল্পনা চলছে যে, অস্ট্রেলিয়া সফরে ভারত বিপর্যস্ত হলে টেস্ট ও সাদা বলের ক্রিকেটে দু-জন আলাদা হেড কোচ রাখা হতে পারে।
সেক্ষেত্রে ভিভিএস লক্ষ্মণকে টেস্ট দলের এবং গম্ভীরকে টি২০ ও একদিনের আন্তর্জাতিক দলের হেড কোচ রাখা হতে পারে জল্পনা চলছে। নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থতার কাটাছেঁড়াও চলেছে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনাও সেরেছেন বোর্ডকর্তারা।
এই আবহে কাল সকালে সাংবাদিকদের মুখোমুখি হবেন গম্ভীর। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে মুম্বইয়ের আইটিসি মারাঠার বলরুম ফোরে সাংবাদিক বৈঠক রাখা হয়েছে। দলের প্রস্তুতি, রণকৌশল, অস্ট্রেলিয়া সিরিজ থেকে প্রত্যাশা-সহ নানা বিষয় নিয়ে কথা বলতে পারেন গম্ভীর।
গম্ভীরের প্রশিক্ষণাধীন ভারত টেস্টে দেশের মাটিতে ২৪ বছর সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। টেস্ট সিরিজ হেরেছে ১২ বছর পর। ফলে মুম্বইয়ের সাংবাদিক বৈঠকে গম্ভীরের দিকে ধেয়ে আসতে পারে নানা অস্বস্তিকর প্রশ্ন। সেই প্রশ্নগুলির বাউন্সার গম্ভীর কীভাবে সামলান তা দেখার। তাঁর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন আসতেই পারে।
২২ ডিসেম্বর থেকে পারথে প্রথম টেস্ট। বিরাট কোহলি ইতিমধ্যেই মুম্বই ছেড়েছেন গতকাল রাতে। তিনি ইংল্যান্ড হয়ে অস্ট্রেলিয়া যাবেন, নাকি আগেই অস্ট্রেলিয়া পৌঁছে গেলেন তা স্পষ্ট নয়। ভারতীয় টেস্ট দলের কয়েকজন ভারতের এ দলের হয়ে অস্ট্রেলিয়াতে ছিলেন। তাঁদের সঙ্গে রিজার্ভ প্লেয়াররা মূল দলের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলিয়াতেই।
আজ ও কাল দুই ব্য়াচে ভারতের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা অস্ট্রেলিয়া যাচ্ছেন। প্রথম টেস্টের আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না ভারত। ৩০ নভেম্বর থেকে ক্যানবেরায় প্রাইম মিনিস্টার একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে অজিদের মুখোমুখি হবে ভারত।
১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে তৃতীয় টেস্ট। বক্সিং ডে টেস্ট ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে। এরপর পঞ্চম তথা শেষ টেস্ট সিডনিতে ৩ জানুয়ারি থেকে। প্রথম টেস্ট শুরু ভারতীয় সময় সকাল ৭টা ৫০ থেকে। দ্বিতীয় টেস্ট ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে। তৃতীয় টেস্ট ভোর ৫টা ৫০ থেকে। বাকি দুটি টেস্ট ভোর ৫টা থেকে শুরু।












Click it and Unblock the Notifications