AUS vs IND: টেস্ট দলে কোহলিকে আর চান না ইরফান পাঠান, সিডনিতে বিরাটকে গম্ভীরের আলিঙ্গন নিয়ে অবসর-চর্চা
AUS vs IND: বিরাট কোহলি ২০২৭ অবধি খেলতে চান বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, ইংল্যান্ড সফরের দলে কি থাকবেন কোহলি?
হেড কোচ গৌতম গম্ভীর বিরাট, রোহিতদের জন্য কড়া বার্তা দিয়েছেন। মোদ্দা কথা হলো, টেস্ট খেলতে হলে লাল বলের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।

বিরাট কোহলি বা রোহিত শর্মা জঘন্য ফর্মে। তবে তাঁরা রঞ্জি ট্রফিতে নামবেন কিনা তা স্পষ্ট নয়। যদি না খেলেন তাহলে ইংল্যান্ড সফরের আগে লাল বলের ক্রিকেট ম্যাচ বেশি পাবেন না। আইপিএল ছেড়ে তাঁরা ভারতীয় এ দলের হয়ে লাল বলের ক্রিকেট ইংল্যান্ডে খেলবেন বলে মনে করা হচ্ছে না।
একমাত্র ইংল্যান্ডে জুনে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলা ছাড়া উপায় নেই। গম্ভীর সাফ বার্তা দিয়েছেন, নিয়ম সকলের জন্য সমান। যে ক্রিকেটার যে ফরম্যাটে খেলতে চান, তার ঘরোয়া ক্রিকেটে তাঁকে খেলতেই হবে বলে জানিয়েছেন গম্ভীর।
Gautam Gambhir hugs Virat Kohli. pic.twitter.com/wMcqCgm3q1
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 5, 2025
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গম্ভীর আলিঙ্গন করেছেন কোহলির সঙ্গে। জসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে কোহলিই বেশিরভাগ সময় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন গতকাল ও আজ। গম্ভীর-কোহলি আলিঙ্গনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জল্পনা, এবার কি তাহলে বড় ঘোষণা করবেন বিরাট?
গম্ভীর আজ সাংবাদিক বৈঠকে এমনও জানিয়েছেন যে, বিরাট, রোহিতদের খিদে রয়েছে। তাঁরা জানেন দলের সাফল্যে অবদান রাখতে কী করণীয়। একইসঙ্গে তাঁরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভারতীয় ক্রিকেটের স্বার্থেই সিদ্ধান্ত নেবেন বলে উল্লেখ করেন গম্ভীর।
ইরফান পাঠান অবশ্য রেখে-ঢেকে কথা বলেননি। তিনি দাবি তুলেছেন, সুপারস্টার কালচার ছেড়ে ভারতীয় দলে টিম কালচার ফেরানোর। বিরাট কোহলির প্রবল সমালোচনায় সরব হয়েছেন পাঠান। হাতিয়ার করেছেন টেস্টে প্রথম ইনিংসের ব্যাটিং গড়কে।
পরিসংখ্যান বলছে, ২০২০ সাল থেকে কোহলি ৩৯টি টেস্টে ২০২৮ রান করেছেন, গড় ৩০.৭২। তিনটি শতরান ও ৯টি শতরান রয়েছে। ২০২৪ সাল থেকে ১১টি টেস্টের ২১ ইনিংসে কোহলির রান ৪৪০। গড় ২৩.১৫, একটি শতরান পারথে। রয়েছে একটি অর্ধশতরান।
২০২৪ সাল থেকে দেখলে কোহলির টেস্টে প্রথম ইনিংসে গড় ১৫.৬৩, দ্বিতীয় ইনিংসে ৩৩.৫০। ইরফান পাঠান স্টার স্পোর্টসে বলেন, প্রথম ইনিংসই ভিত গড়ে। সেখানে বিরাটের গড় ১৫। গত পাঁচ বছরের পরিসংখ্যান দেখলে তা ৩০। এটাই কি ভারতের সিনিয়র ক্রিকেটারদের থেকে প্রত্যাশিত?
পাঠানের কথায়, বিরাটের জায়গায় তরুণ কাউকে নিয়মিত খেলানো হোক। সময় দিলে সেই তরুণ ক্রিকেটারও ২৫-৩০ গড় রেখে খেলতে পারবেন। দল সব সময়ই ব্যক্তির ঊর্ধ্বে। ভারতীয় দলে সুপারস্টার কালচার নয়, টিম কালচার দরকার। বিরাট কোহলি ফাঁকা সময় শেষ কবে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন? এক দশকের বেশি সময়ে সেটা হয়নি। সচিন তেন্ডুলকর কিন্তু দরকার না থাকলেও ঘরোয়া ক্রিকেট খেলতেন।












Click it and Unblock the Notifications