AUS vs IND: ঋষভ পন্থের ব্যাটিং নিয়ে বাড়ছে অসন্তোষ, সিডনি টেস্টে ধ্রুব জুরেলকে খেলানোর পরিকল্পনা
AUS vs IND: অস্ট্রেলিয়ায় চলতি টেস্ট সিরিজে হতাশ করেছেন ঋষভ পন্থ। ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলা দূরের কথা, উচ্চাকাঙ্ক্ষী ও আগ্রাসী শট খেলতে গিয়ে বারবার দলের বিপক বাড়াচ্ছেন।
সিডনি টেস্টে জিততে না পারলে সিরিজ হেরে ফিরতে হবে অস্ট্রেলিয়া থেকে। এমনকী ড্র হলেও হাতছাড়া হবে বর্ডার-গাভাসকর ট্রফি। ছিটকে যাবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড় থেকে।

১৯৭৮ সালেই সিডনিতে একমাত্র জয়টি পেয়েছিল ভারত। ফলে বোঝাই যাচ্ছে, ভারতীয় দলের কাজটা কত কঠিন। এই পরিস্থিতিতে বেছে নিতে হবে সেরা একাদশ। ঋষভ পন্থকে বাইরে রেখে ধ্রুব জুরেলকে খেলানোর ভাবনাচিন্তা চলছে।
মেলবোর্ন টেস্টে হারের পরই ড্রেসিংরুমে রাগে ফেটে পড়েছিলেন হেড কোচ গৌতম গম্ভীর। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, গম্ভীর বলেন বহত হো গ্যায়া! অর্থাৎ, অনেক হয়েছে! ব্যাটাররা নিজেদের মর্জিমতো খেলতে গিয়ে যেভাবে পরিকল্পনার বাস্তবায়ন করতে দিচ্ছেন না তাতে বিরক্ত গম্ভীর।
ভারতীয় দল নির্বাচন নিয়ে মতানৈক্যও রয়েছে। গম্ভীরের ইচ্ছাতেই পারথ টেস্টে ওয়াশিংটন সুন্দর ও হর্ষিত রানাকে খেলানো হয়। অ্যাডিলেডেও খেলেন হর্ষিত। আকাশ দীপ ভালো বোলিং করা সত্ত্বেও এবং হর্ষিতের লম্বা স্পেলে সমস্যা পরিলক্ষিত হলেও বঙ্গ পেসারকে খেলানো হয়নি। আবার চেতেশ্বর পূজারাকে চেয়েছিলেন গম্ভীর। পাননি। তাতে অখুশি গম্ভীর।
ঋষভ পন্থ মেলবোর্ন টেস্টে যেভাবে আউট হয়েছেন তা নিয়ে অসন্তোষ ভারতীয় শিবিরে। বিশেষ করে শেষ দিন দ্বিতীয় সেশনে ভারত কোনও উইকেট খোয়ায়নি। কিন্তু চা বিরতির পরই পন্থ ট্রাভিস হেডের বলে মারতে গিয়ে উইকেট ছুড়ে দেন। শেষ সেশন পুরো লাগেনি অজিদের ভারতীয় ইনিংসের ৭ উইকেট তুলে নিতে।
ম্যাচের পর রোহিত শর্মা বলেছিলেন, পন্থকে কেউ বলার আগে তাঁর বোঝা উচিত কোনটা করা দরকার, কোনটা নয়। দল তাঁর কাছে কী চাইছে। যে শটে আগে সাফল্য এসেছে সেটা খেলতে গিয়ে আউট হলে তা নিয়ে বলা কঠিন। কিন্তু পরিস্থিতি অনুযায়ী খেলা প্রত্যাশিত। কোন শটে কতটা ঝুঁকি তা আগাম আঁচ করে, পরিস্থিতি বিবেচনা করেই পন্থের খেলা উচিত, এটা বুঝিয়ে দেন রোহিত।
পন্থ পারথ টেস্টে ৩৭ ও ১ রানে আউট হন। অ্যাডিলেডে করেন ২১ ও ২৮ষ ব্রিসবেনে ৯। মেলবোর্ন টেস্টে ২৮ ও ৩০ রান করেন। মেলবোর্নে ধৈর্য্য দেখাতে পারলে টেস্টটি ড্র রাখতে পারতো ভারত। এই পরিস্থিতিতে পন্থের জায়গায় ধ্রুব জুরেলকে খেলানোর ভাবনাচিন্তা চলছে।
জুরেল অস্ট্রেলিয়ায় গিয়ে এ দলের ম্যাচে ৮০ ও ৬৮ রান করেন। পারথ টেস্টে রোহিত শর্মা ছিলেন না। জুরেল ব্যাটার হিসেবেই খেলেন। ১১ ও ১ রানে আউট হয়েছিলেন। তিনি পন্থের মতো ঝুঁকিপূর্ণ শট বিশেষ খেলেন না। টেস্টের আদর্শ ব্যাটিংয়ে পারদর্শী। ফলে জুরেল শুক্রবার দলে প্রত্যাবর্তন করলে অবাক হওয়ার কিছু থাকবে না।












Click it and Unblock the Notifications