AUS vs IND: ব্রিসবেন টেস্টে পঞ্চম দিনেও বৃষ্টির ব্যাঘাত, ভারতের চেয়ে ১৮৫ রানে এগিয়ে অস্ট্রেলিয়া
AUS vs IND: ব্রিসবেন টেস্টের পঞ্চম দিনেও বৃষ্টি। গাব্বায় ভারতের প্রথম ইনিংস শেষ হতেই বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়ে যায়।
মেঘলা আকাশ এতটাই যে, সকালেও জ্বালাতে হয় ফ্লাডলাইট। এমনকী বেশ কিছুক্ষণ বৃষ্টি চলার পর তা থামলেও বজ্রপাত চলতে থাকে। ফের বৃষ্টি নামে। ফলে ড্র হওয়াই নিশ্চিত।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৪৫ রানের জবাবে গতকালই ফলো-অন বাঁচিয়ে ফেলেছিল ভারত। চতুর্থ দিনের শেষে স্কোর ছিল ৭৪.৫ ওভারে ৯ উইকেটে ২৫২। জসপ্রীত বুমরাহ ১০ ও আকাশ দীপ ২৭ রানে অপরাজিত ছিলেন।
আজ চার ওভার খেলা হয়েছে। ৭৯তম ওভারের পঞ্চম বলে আকাশ দীপ স্টাম্প আউট হন ট্রাভিস হেডের বলে। ১১ নম্বরে নামা আকাশ দীপ দলের হয়ে তৃতীয় সর্বাধিক রান করেন। তাঁর নামের পাশে ৪৪ বলে ৩১ রান, ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে। ভারতের ইনিংস শেষ হয় ২৬০ রানে।
জসপ্রীত বুমরাহ ৩৮ বলে ১০ রানে অপরাজিত থাকেন। ভারতের নবম উইকেটটি পড়েছিল ৬৬ ওভারের শেষ বলে ২১৩ রানে। ফলে ১২.৫ ওভার খেলে দশম উইকেট জুটিতে ৪৭ রান যোগ করেন বুমরাহ ও আকাশ দীপ। আজ তাঁরা ৮ রান যোগ করেন।
গাব্বায় টেস্টে ভারতের হয়ে শেষ উইকেট জুটিতে সর্বাধিক রানের নজির গড়লেন বুমরাহ ও আকাশ। ভেঙে দিলেন ১৯৯১ সালে মনোজ প্রভাকর ও জাভাগল শ্রীনাথের ৩৩ রানের পার্টনারশিপের নজির। তবে ১১ নম্বরে নামা ভারতীয় ব্যাটারদের মধ্যে শিবলাল যাদবের অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক ৪১ রানের নজির টপকাতে পারলেন না আকাশ দীপ।
আর ২ রান করলে আকাশ দীপ গাব্বায় ১১ নম্বর ব্যাটারদের করা সর্বাধিক রানের নিরিখে জশ হ্যাজলউডকেও টপকে দ্বিতীয় স্থানে আসতে পারতেন। হ্যাজলউড ২০১৪ সালে ভারতের বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ৩২। ২০০৪ সালে গাব্বায় গ্লেন ম্যাকগ্রা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১ নম্বরে নেমে ৬১ করেছিলেন, সেটিই সর্বাধিক।
ভারতের হয়ে লোকেশ রাহুল ৮৪ ও রবীন্দ্র জাদেজা ৭৭ রান করেন। প্যাট কামিন্স ৮১ রান খরচ করে চার উইকেট নিয়েছেন। মিচেল স্টার্ক ৮৩ রানের বিনিময়ে ঝুলিতে পুরেছেন তিন শিকার। জশ হ্যাজলউড, নাথান লিয়ঁ ও ট্রাভিস হেড ১টি করে উইকেট পেয়েছেন। বৃষ্টি বা পরবর্তীকালে আলোর অভাবে আজ কতটা খেলা হবে তা নিয়ে থাকছে সংশয়। ২৬ ডিসেম্বর মেলবোর্ন টেস্টের আগে সিরিজ ১-১ অবস্থাতেই থাকতে চলেছে।












Click it and Unblock the Notifications