AUS vs IND:নীতীশের শতরানের পর গ্যালারির গর্জনে মুগ্ধ ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও, মুখ খুললেন রেকর্ড দর্শক নিয়েও
মেলবোর্নের মাঠে শতরান করে নায়ক হয়ে উঠেছেন নীতীশ কুমার রেড্ডি। এমসিজির গ্যালারিতে তাঁকে ঘিরে আবেগে-উচ্ছাসের জোয়ার বয়ে গিয়েছে শনিবার। ম্যাচের তৃতীয় দিনে সকালে যখন থেকে নীতীশ ব্যাট করতে শুরু করেছেন তখন থেকেই গ্যালারি থেকে গলা ফাটানো শুরু করেন ভারতীয় সমর্থকরা। প্রথমে অর্ধশতরান করেন নীতীশ। এর পর প্রবল চাপের মধ্যে শতরান করলেন। নীতীশের শতরান করার পর গ্যালারির প্রতিক্রিয়া নিয়ে মুখ খুললেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, যারা ম্যাচ দেখতে এসেছেন আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, গতকাল(শনিবার) নীতীশ কুমার রেড্ডি যখন সেঞ্চুরি করেছিলেন, তখন গ্যালারি থেকে জনতার চিৎকার এমন ছিল যা আমি কখনও আগে শুনিনি।

অস্ট্রেলিয়ায় খেলা হলেও ভারতীয় সমর্থকদের সংখ্যাও কম নয়। এই প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি বলেছেন, ভারত থেকে আসা দর্শকদের সংখ্যা নিয়ে আমরা খুবই উচ্ছসিত। এবারে একেবারে অবিশ্বাস্য পরিবেশ ছিল কারণ আমরা গেট টিকিটেই এক চতুর্থাংশ মিলিয়ন দর্শক পেয়েছি এবং তাও প্রথম, দুই এবং তিন দিনে।
এই বর্ডার-গাভাসকর ট্রফিতে অ্যাশেজের থেকে বেশি বক্সিং ডে টেস্টে ভিড় হয়েছে। এবারে পরিকল্পনাও খুব নিখুত করা হয়েছিল। হকলি মনে করেন এটা সম্ভব হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বিসিসিআইয়ের সু সম্পর্কের জন্যই।, তাঁর কথায়, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চার টেস্টের সিরিজটি পাঁচ ম্যাচের রূপান্তরিত করা হয়েছে, এটি একটি খুব ভালো সিদ্ধান্ত। এই সিরিজ নিয়ে উন্মাদনা কতটা সেটা আরও একবার প্রমাণিত হল।
সিডনিতেও একই পরিবেশ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তাঁর কথায়, সিডনির গ্যালারিও পরিপূর্ণ থকাবে। আমি যতদূর জানি প্রথম, দুই এবং তিন দিনের জন্য খুব কম টিকেট বাকি আছে। শেষ দুই দিনের টিকিট অবশিষ্ট আছে। সিডনিতে প্রচুর ভারতীয় থাকেন, ফলে তারা মাঠে এসে নিজেদের দলকে সমর্থন করবেন এটাই প্রত্যাশিত।












Click it and Unblock the Notifications