AUS vs IND: গাভাসকর সরব হতেই ভুল স্বীকার ক্রিকেট অস্ট্রেলিয়ার, কেন পুরস্কার বিতরণীতে ব্রাত্য থাকলেন কিংবদন্তি?
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ হবে আর বিতর্ক হবে না তাই হয় নাকি মাঠ এবং মাঠের বাইরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকল বর্ডার গাভাসকর ট্রফি। চলতি বর্ডার গাভাসকর ট্রফির সময় একাধিক বিতর্ক হয়েছে। এমনকি সিডনিতে সিরিজ সমাপ্তির পরও বিতর্কের রেশ অব্যাহত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাক না পাওয়ায় খুশি হতে পারেননি সুনীল গাভাসকর।
গাভাসকর প্রকাশ্যেই এই নিয়ে চাপা অভিমান প্রকাশ করেছিলেন। সানির মন্তব্য প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই আসরে নামল ক্রিকেট অস্ট্রেলিয়া। গাভাসকরের মতো কিংবদন্তি মাঠে থাকা সত্বেও তাঁকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমন্ত্রণ না জানানো যে ভুল হয়েছে মেনে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

কয়েক ঘণ্টা আগেই কিছুটা অভিমানের সুরে গাভাসকর জানিয়েছিলেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলে আমি খুশিই হতাম। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের নাম বর্ডার-গাভাসকর ট্রফি। আমি মাঠেও রয়েছি। ট্রফি প্রদানের সময় কারা জিতল সেটা বিশেষ গুরুত্বপূর্ণ নয়। অস্ট্রেলিয়া আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। সিরিজ জিতেছে এটা খুবই ভালো কথা।
একইসঙ্গে গাভাসকর আরও বলেছিলেন, আমি ভারতীয়। ফলে খুশিই হতাম যদি আমার বন্ধু অ্যালান বর্ডারের সঙ্গে আমিও ট্রফিটি বিজয়ী অধিনায়কের হাতে তুলে দিতে পারতাম। ফলে গাভাসকরের মনে যে অভিমান তৈরি হয়েছিল সেটা বোঝা গিয়েছিল তাঁর বক্তব্য থেকেই। ক্রিকেট অস্ট্রেলিয়া হয়ত নিজেদের ভুলও বুঝতে পারল, কিন্ত একটু দেরি করে। সময়টা যে ফিরে আসবে না। কিংবদন্তিকর প্রতি এমন ব্যবহার ভারতীয়দের পক্ষেও আঘাতজনক।
মেলবোর্ন বিমানবন্দরে বিরাট কোহলির সঙ্গে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের প্রতিনিধির উত্তপ্ত বাক্য বিনিময় থেকে রবীন্দ্র জাদেজা-আকাশ দীপের সাংবাদিক সম্মেলনে ভাষা বিতর্ক একের পর এক বিতর্কিত ঘটনার সাক্ষী থেকেছে মেলবোর্ন। ভারতীয় সমর্থকদের বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করার অভিযোগ উঠল অস্ট্রেলিয়ান সমর্থকদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সেখানেই অস্ট্রেলিয়ান সমর্থকদের দ্বারা গ্যালারিতে ভারতীয় সমর্থকদের মৌখিকভাবে আক্রান্ত হওয়ার ছবি উঠে আসে।












Click it and Unblock the Notifications