AUS vs IND: আবার ইনিংসে পাঁচ উইকেট! ব্রিসবেনে ফের স্পষ্ট ভারতীয় বোলিং বুমরাহর উপর কতটা নির্ভরশীল
AUS vs IND: ভারতের বোলিং যে কতটা জসপ্রীত বুমরাহ-নির্ভর তা আজ আরও একবার প্রমাণিত। ব্রিসবেন টেস্টের প্রথম দিনে ভারত কোনও উইকেট তুলতে পারেনি।
আজ অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম আঘাত হানেন বুমরাহ। অজিদের প্রথম ৬টি উইকেটের পাঁচটিই তাঁর। টেস্টে ইনিংসে অন্তত পাঁচটি উইকেট দখলের নজির এই নিয়ে দ্বাদশবার গড়লেন বুমরাহ।

গতকাল খেলা হয়েছিল ১৩.২ ওভারে। আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর কয়েক মিনিট পরেই অজিদের ওপেনিং জুটি ভাঙেন বুমরাহ, ১৬.১ ওভারে। উসমান খোয়াজা ৫৪ বলে ২১ রান করেন। এরপর নাথান ম্যাকসুইনিকে (৪৯ বলে ৯) আউট করেন ভারতের ১ নম্বর পেসার।
এদিন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের দাপটে দ্বিতীয় সেশনে ভারত একটিও উইকেট তুলতে পারেনি। লাঞ্চের আগে বুমরাহর পাশাপাশি একটি উইকেট পেয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি। তৃতীয় সেশনে তিন ওভারের মধ্যে তিনটি উইকেট তুলে নিয়ে পাঁচটি শিকার ঝুলিতে পুরে ফেলা নিশ্চিত করেন বুমরাহ।
অস্ট্রেলিয়ার ইনিংসের ৮৩তম ওভারের শেষ বলে স্টিভ স্মিথকে প্যাভিলিয়নে পাঠান ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। স্মিথ ১৯০ বলে ১০১ রান করেন। এরপর ৮৭তম ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে আরও দুটি উইকেট নেন বুমরাহ।
৮৬.২ ওভারে ৩২৬ রানে পঞ্চম ও ৮৬.৫ ওভারে ৩২৭ রানে ষষ্ঠ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ১৬ বলে ৫ ও ট্রাভিস হেড (১৬০ বলে ১৫২) বুমরাহর শিকার। হেডকে ফিরিয়ে চলতি সিরিজে ১৭তম শিকার সুনিশ্চিত করলেন বুমরাহ।
অস্ট্রেলিয়ায় দশম টেস্ট খেলছেন বুমরাহ। এই নিয়ে তিনবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন। পারথ টেস্টে বুমরাহ ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। প্রথম ইনিংসে ৬টি মেডেন-সহ ১৮ ওভারে ৩০ রান দিয়ে নেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে ১টি মেডেন-সহ ১২ ওভারে ৪২ রান দিয়ে তিনটি উইকেট দখল করেন।
অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসে পাঁচটি মেডেন-সহ ২৩ ওভারে ৬১ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ১ ওভারে ২ রান দেন। গতকাল ব্রিসবেনে বল স্যুইং না করায় হতাশার সুর শোনা গিয়েছিল বুমরাহর মুখে। স্টাম্প মাইক্রোফোনে তা শোনা গিয়েছিল। অনেক চেষ্টা করেও উইকেট পাননি। যদিও আজ বুমরাহ ফিরলেন স্বমহিমায়।
চলতি বছর টেস্টে এখনও অবধি বুমরাহর ঝুলিতে রয়েছে ৫৮টি শিকার। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন চারবার।












Click it and Unblock the Notifications