AUS vs IND: অস্ট্রেলিয়ার সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা রোহিত-বিরাটদের, গিলের ব্যান্ডেজ সরলেও ধোঁয়াশা রইলই
AUS vs IND: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ২ দিনের দিন-রাতের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তার আগে রোহিত শর্মা, বিরাট কোহলিরা পৌঁছে গেলেন ক্যানবেরায়।
আজ ভারতীয় দল অনুশীলন করেনি। গিয়েছিল প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের আমন্ত্রণ রক্ষায়। সংসদ ভবনে ছিলেন অস্ট্রেলিয়া প্রাইম মিনিস্টার একাদশের প্লেয়াররাও।

প্রথা মেনেই দুই দলের ক্রিকেটারদের সঙ্গে মিলিত হলেন অ্যালবানিজ। তিনি সকলের সঙ্গে মিলিত হওয়ার পর এক্স হ্যান্ডলে চারটি ছবি পোস্ট করে লিখেছেন, ভারতের অসাধারণ দলের বিরুদ্ধে মানুকা ওভালে এই সপ্তাহে বড় চ্যালেঞ্জ প্রাইম মিনিস্টার ইলেভেনের জন্য।
ভারত ইতিমধ্যেই পাঁচ টেস্টের সিরিজে এগিয়ে গিয়েছে। আর চারটি টেস্ট বাকি। পারথ টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে জসপ্রীত বুমরাহের নেতৃত্বে। তবে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী অ্যালবানিজ। তিনি লিখেছেন, আমি ইতিমধ্যেই নরেন্দ্র মোদীকে বলেছি, জয় ছিনিয়ে নিতে অস্ট্রেলিয়াকেই সমর্থন করব।
Big challenge ahead for the PM’s XI at Manuka Oval this week against an amazing Indian side. ⁰⁰
— Anthony Albanese (@AlboMP) November 28, 2024
But as I said to PM @narendramodi, I’m backing the Aussies to get the job done. pic.twitter.com/zEHdnjQDLS
ভারতীয় দল কাল মানুকা ওভালে প্র্যাকটিসে নামবে। নজর থাকবে রোহিত শর্মার দিকে। আজ বিশ্রাম নিয়ে ফুরফুরে মেজাজেই রয়েছে ভারত। দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে পরিবর্তন হচ্ছেই। অধিনায়ক রোহিত শর্মা ওপেন করবেন, তিনে নামানো হতে পারে লোকেশ রাহুলকে।
পারথ টেস্টে রাহুল ফর্মে ফিরেছেন। দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করে দায়িত্বপূর্ণ ইনিংস খেলেছেন। এই পরিস্থিতিতে তাঁকে বাদ দেওয়া কঠিন। শুভমান গিল আঙুলের চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে যান। পারথে তাঁর হাতে দেখা গিয়েছিল ব্যান্ডেজ রয়েছে।
তবে ক্যানবেরায় দেখা গেল গিলের হাতে কোনও ব্যান্ডেজ বা স্ট্র্যাপিং নেই। তবে দ্বিতীয় টেস্টে তাঁকে খেলানো নিয়ে ধোঁয়াশা থাকছেই। নজর থাকতে দু-দিনের প্রস্তুতি ম্যাচে গিলকে খেলানো হয় কিনা সেদিকেও। আগের সফরে অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্টে ভারত দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল-আউট হয়ে গিয়েছিল।
ফলে অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে নামার আগে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ভারতীয় দলের কাছে গুরুত্বপূর্ণ। হেড কোচ গৌতম গম্ভীর পারিবারিক জরুরি কারণে দেশে ফিরেছেন। অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতে, মর্নি মরকেলরা অবশ্য অস্ট্রেলিয়ায় দলের সঙ্গেই থাকবেন প্রস্তুতি ম্যাচেও। গম্ভীর অ্যাডিলেড টেস্টের আগে যোগ দেবেন।
ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ দলে রয়েছেন- জ্যাক এডওয়ার্ডস (অধিনায়ক), চার্লি অ্যান্ডারসন, মাহলি বিয়ার্ডম্যান, স্কট বোল্যান্ড, জ্যাক ক্লেটন, এইডেন ও'কোনর, অলি ডেভিস, জেডেন গুডউইন, স্যাম হার্পার, হান্নো জ্যাকবস, স্যাম কনস্টাস, লয়েড পোপ, ম্যাথু রেনশ, জেম রায়ান।












Click it and Unblock the Notifications