AUS vs IND: মেলবোর্নে ভাঙল সর্বকালীন রেকর্ড! ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে কত রানে এগিয়ে অস্ট্রেলিয়া?
AUS vs IND: মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে ভারতের চেয়ে ১০৫ রানে এগিয়ে থাকল অস্ট্রেলিয়া। গতকালের স্কোরের সঙ্গে আজ চতুর্থ দিনে ১১ রান যোগ করেছে ভারত।
নীতীশ কুমার রেড্ডি আউট হন ১১৪ রানে। নাথান লিয়ঁ আজ তাঁর উইকেটটি তুলে নেন।

খারাপ আলো ও বৃষ্টির কারণে গতকাল পুরো ওভার শেষ করা যায়নি। সে কারণে আজ সকালে আগেই খেলা শুরু হয়। ভারতের স্কোর গতকাল ছিল ১১৬ ওভারে ৯ উইকেটে ৩৫৮। শেষ অবধি ভারত থামল ১১৯.৩ ওভারে ৩৬৯ রানে।
নীতীশ কুমার রেড্ডি ১৮৯ বল খেলে ১১৪ রান করেন। ১১টি চার ও ১টি ছয়ের সাহায্যে। মহম্মদ সিরাজ ১৫ বলে ৪ রানে অপরাজিত থেকে যান। নীতীশ আউট হওয়ার আগের ওভারে অবশ্য নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। প্যাট কামিন্সের ওভারের শেষ বলে।
সিরাজের ব্যাটে লেগে বল গিয়েছিল দ্বিতীয় স্লিপে, স্টিভ স্মিথের হাতে। অস্ট্রেলিয়া নিশ্চিত ছিল ক্যাচ হয়েছে ভেবে। যদিও তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে নট আউট বলে জানান। এই সিদ্ধান্তে খুশি হয়নি অজিরা। কামিন্স আম্পায়ারের কাছে জানতে চান এবার তিনি রিভিউ নিতে পারেন কিনা। মনে করা হচ্ছে, বাম্প বলের কারণেই আউট দেওয়া হয়নি।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে প্যাট কামিন্স ৬টি মেডেন-সহ ২৯ ওভারে ৮৯ রান দিয়ে তিন উইকেট নেন। স্কট বোল্যান্ডের ২৭ ওভারে ৭ মেডেন, ৫৭ রান দিয়ে তিনি নেন তিন উইকেট। নাথান লিয়ঁ ৪টি মেডেন-সহ ২৮.৩ ওভারে ৯৬ রান দিয়ে তিন উইকেট নেন।
এই নিয়ে চলতি সিরিজে নীতীশ কুমার রেড্ডি ভারতের অল আউট হওয়া পাঁচটি ইনিংসের মধ্যে চারটিতে সর্বাধিক রান করলেন। রেড্ডির আগে প্রথম ছয় ইনিংসে চারটিতে সর্বাধিক রান করার নজির ছিল সুনীল গাভাসকর ও হ্যারি ব্রুকের। তার মধ্যে ভারতের অল আউট হওয়া ইনিংসে গাভাসকর একবার ও ইংল্যান্ডের ব্রুকের ক্ষেত্রে তেমনটা হয়েছে তিনবার।
সাত বা তার নীচে ব্যাট করতে নেমে প্রথম ছয় ইনিংসের মধ্যে চারবার সর্বাধিক রান করে নীতীশ পিছনে ফেললেন অনেককেই। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ। দাত্তু ফাড়কর, ওয়েন ফিলিপস ও কামিন্দু মেন্ডিসের ক্ষেত্রে এমন নজির রয়েছে তিনবার করে। রেগি ডাফও তিনবার এই নজির গড়েছেন।
এদিকে, বক্সিং ডে টেস্টের ইতিহাসে আজ তৈরি হলো নয়া মাইলস্টোন। চলতি টেস্ট দেখতে হাজির হলেন রেকর্ড সংখ্যক দর্শক। ২০১৩ সালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট দেখতে ২,৭১,৮৬৫ জন দর্শক মাঠে এসেছিলেন। গতকাল অবধি এই টেস্ট দেখেছিলেন ২ লক্ষ ৫৫ হাজারের বেশি দর্শক। আজ আগের নজির ভেঙে গেল।












Click it and Unblock the Notifications