AUS vs IND: ব্রিসবেন টেস্টে ভারতকে হারাতে মোক্ষম চাল দেবে অস্ট্রেলিয়া, হুঁশিয়ারি স্টার্কের
AUS vs IND: ব্রিসবেন টেস্টে জেতার জন্য অস্ট্রেলিয়া সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে। এমনকী ভারতকে ফলো-অন করানোরও যে পরিকল্পনা আছে, তা খোলসা করে দিলেন মিচেল স্টার্ক।
বৃষ্টিবিঘ্নিত টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে আপাতত ভারত চার উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে। এখনও পিছিয়ে ৩৯৪ রানে।

সেই ব্যবধান ২০০-র কমে আনতে পারলে তবেই ফলো-অন এড়াতে পারবে ভারত। কাল ও বুধবার ব্রিসবেনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে বেশ কিছু ওভার যে নষ্ট হবে তা বোঝাই যাচ্ছে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করলে টেস্ট ড্রয়ের দিকেই এগিয়ে যাবে।
কিন্তু ভারতের উপর থেকে চাপ কমাতে নারাজ অজিরা। গত ১০ বছরে অস্ট্রেলিয়া প্রতিপক্ষকে ফলো-অন করিয়ে টেস্ট জিতেছে ১ বার। ২০১৯-২০ মরশুমে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে। প্যাট কামিন্স অধিনায়ক হওয়ার পর বোলারদের ওয়ার্কলোডের কথা ভেবেই ফলো-অন করাতে অনীহা দেখান।
মিচেল স্টার্ক এসিবি রেডিওকে সাক্ষাৎকারে বলেছেন,আমাদের হাতে অনেক তাস রয়েছে। এই টেস্ট কোন দিকে এগিয়ে যাচ্ছে তা বোঝা যাবে কালই। আমরা বল সঠিক জায়গায় রেখে দ্রুত কয়েকটি উইকেট তুলে ফেললেই ফলো-অন করানোর সম্ভাবনা বাড়বে।
স্টার্কের কথায়, ব্যাটাররা যখন ৪৫০-র কাছাকাছি রান তুলে দেন এবং প্রতিপক্ষ ৫০ রান তোলার ফাঁকে চার উইকেট হারায়, তখন সব পথই খোলা থাকে। কাল প্রথম সেশনে খেলা কেমন হয় তার উপরই যে ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে সেটাই বুঝিয়ে দিয়েছেন স্টার্ক।
প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার পর ফলো-অন করানোর সুযোগ পেয়েছেন ৫ বার। কিন্তু একবারই সেই পথে হেঁটেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনি টেস্টে। সেই টেস্টটি শেষ অবধি ড্র হয়ে গিয়েছিল।
ভারত যদি ব্রিসবেন টেস্টে হেরে যায় তাহলে অস্ট্রেলিয়া মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলতে নামতে পারবে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে। লোকেশ রাহুল ৬৪ বলে ৩৩ ও রোহিত শর্মা ৬ বলে ০ রানে অপরাজিত আছেন। এরপর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও নীতীশ কুমার রেড্ডি এবং তারপর তিন বোলারের নামার কথা।
এই আবহে রোহিত-রাহুল জুটির উপর অনেক কিছু নির্ভর করছে। ব্রিসবেন টেস্ট ভারতের কাছে ম্যাচ বাঁচানোর লড়াই। জেতার আর সম্ভাবনাই নেই। রোহিতকে ছন্দে ফিরতে সঠিক ইনটেন্ট ও এনার্জি নিয়ে ব্যাট করার পরামর্শ দিয়েছেন ম্য়াথু হেডেন। তারপরও প্রশ্ন, ভারত কি ফলো-অন বাঁচাতে পারবে? বৃষ্টির দিকে তাকিয়ে ভারতকে শেষ কবে টেস্ট বাঁচানোর লড়াই লড়তে হয়েছে সেটাও মনে করা যাচ্ছে না।












Click it and Unblock the Notifications