AUS vs IND: অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে আটে আট করলেন কামিন্সরা, সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া
AUS vs IND: বিদেশের মাটিতে ভারতের দিন-রাতের টেস্ট জয় অধরা থাকল এবারও। ২০২০ সালের পর ফের অ্যাডিলেড ওভালে গোলাপি বলের টেস্টে হারল ভারত।
সেবার অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। এবার রোহিত শর্মা। জসপ্রীত বুমরাহর নেতৃত্বে ভারত জিতেছিল পারথ টেস্টে। রোহিত ক্যাপ্টেন্সির ব্যাটন নেওয়ার পর এদিন অস্ট্রেলিয়া জিতে পাঁচ টেস্টের সিরিজে সমতা ফেরাল।

তৃতীয় দিনের প্রথম সেশনের পুরোটাও লাগল না টেস্টের ফলাফল নির্ধারণে। ভারত টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে তুলেছিল ১৮০ রান। জবাবে গতকাল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩৩৭ রানে। আজ ভারতের দ্বিতীয় ইনিংস ১৭৫ রানে শেষ হয়।
নীতীশ কুমার রেড্ডি সর্বাধিক ৪৭ বলে ৪২ রান করেন। ঋষভ পন্থ ২৮, রবিচন্দ্রন অশ্বিন ৭, হর্ষিত রানা ০ ও মহম্মদ সিরাজ ৭ রান করেন। জসপ্রীত বুমরাহ অপরাজিত থাকেন ২ রানে। প্যাট কামিন্স অ্যাডিলেড ওভালে টেস্টে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন।
জশ হ্যাজলউডের জায়গায় বছর দেড়েক পর টেস্ট খেলার সুযোগ পাওয়া স্কট বোল্যান্ড দ্বিতীয় ইনিংসে নিলেন তিন উইকেট। মিচেল স্টার্ক নেন ২ উইকেট। অস্ট্রেলিয়ার সামনে জেতার জন্য ১৯ রানের বেশি টার্গেট দিতে পারেনি ভারত।
অস্ট্রেলিয়া এদিন জয় ছিনিয়ে নিল ১০ উইকেট। চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই তুলে নিল প্রয়োজনীয় রান। নাথান ম্যাকসুইনি ১২ বলে ১০ ও উসমান খোয়াজা ৮ বলে ৯ রানে অপরাজিত থাকেন।
অ্যাডিলেড ওভালে এই নিয়ে অস্ট্রেলিয়া অষ্টম দিন-রাতের টেস্ট খেলল। জয় সব কটিতেই। ২০১৮ সালে অ্যাডিলেডে শেষবার ভারতের কাছে ৩১ রানে হেরেছিল অজিরা। সেটি অবশ্য দিন-রাতের টেস্ট ছিল না। ২০১৩ সাল থেকে ধরলে অস্ট্রেলিয়া অ্যাডিলেড ওভালে মোট ১২টি টেস্ট খেলেছে, জয় ১১টিতেই।
২০১৮ সালে ভারতের কাছে হারার পর থেকে ধরলে অস্ট্রেলিয়া টানা ৬টি টেস্ট জিতল এই স্টেডিয়ামে। যার মধ্যে চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টটিই শুধু দিন-রাতের ছিল না, তাতে ১০ উইকেটে জয় এসেছিল।
২০১৯ সালে এই স্টেডিয়ামে প্রথম দিন-রাতের টেস্টে অজিরা নিউজিল্যান্ডকে হারায় ৩ উইকেটে। এরপর ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে ও ইংল্যান্ডকে ১২০ রানে হারায়। ২০১৯ সালে পাকিস্তানকে দিন-রাতের টেস্টেই ইনিংস ও ৪৮ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
২০২০ সালে ভারতকে গোলাপি বলের টেস্টে অজিরা হারায় ৮ উইকেটে। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় ২৭৫ রানে। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিন-রাতের টেস্ট জেতে ৪১৯ রানে। তারপর এদিনের এই জয়। ভারত এই নিয়ে ৫টি দিন-রাতের টেস্ট খেলল। দ্বিতীয়বার হারল। দেশের মাটিতে জয় তিনটিতে, বিদেশে হার ২টিতে।












Click it and Unblock the Notifications