AUS vs IND: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণ-রক্ষায় ভারতীয় দল, বিরাটের সঙ্গে ছবি তুললেন কনস্টাসের দাদারা
AUS vs IND: সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া শেষ টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হওয়া এড়াতে ও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে ভারতকে জিততেই হবে।
পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। নিউ ইয়ার টেস্ট ঘিরে ইতিমধ্যেই সিডনিতে বাড়ছে উন্মাদনা।

আজ সিডনিতে দুই দলের ক্রিকেটারদের সঙ্গে মিলিত হলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। গ্লেন ম্যাকগ্রা ফাউন্ডেশনের সেলিব্রেশনেই এদিনের আয়োজন। ৬টি ছবি আলবানিজ শেয়ার করে এক্স হ্যান্ডলে লিখেছেন, এবারের গ্রীষ্মে অস্ট্রেলিয়া ও ভারতীয় দল আমাদের দারুণ ক্রিকেট উপহার দিয়েছে।
আলবানিজ আরও লিখেছেন, শুক্রবার টেস্ট শুরুর দিন থেকেই এসসিজিকে গোলাপি রঙের সমুদ্র বলে মনে হবে। ম্যাকগ্রা ফাউন্ডেশনের প্রশংসনীয় কাজকে সমর্থন করার জন্য। অস্ট্রেলিয়া দলকে এই টেস্ট জেতার জন্য শুভেচ্ছাও জানান আলবানিজ।
When the fifth test starts on Friday, the SCG will be a sea of pink in support of the great work of the McGrath Foundation. Go Australia! pic.twitter.com/SxE8NsQgos
— Anthony Albanese (@AlboMP) January 1, 2025
এদিন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে গোলাপি টুপি উপহার দেন গ্লেন ম্যাকগ্রা। ২০০৯ সাল থেকে গোলাপি টেস্ট হয়ে আসছে। ম্যাকগ্রার স্ত্রী জেন ব্রেস্ট ক্যান্সারে মারা যান ২০০৮ সালে। তারপর থেকে ব্রেস্ট ক্য়ান্সার সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি, রোগীদের আর্থিক সহযোগিতার লক্ষ্যে কাজে গতি এনেছে ম্যাকগ্রা ফাউন্ডেশন।
অস্ট্রেলিয়ার শহর ও গ্রামাঞ্চলের রোগীদের পাশে দাঁড়িয়ে নানাবিধ কাজ করে ম্যাকগ্রা ফাউন্ডেশন। সিডনি টেস্ট থেকে সংগৃহীত অর্থের একাংশ যায় ম্যাকগ্রা ফাউন্ডেশনে। অস্ট্রেলিয়া দলের জার্সি, টুপিতে গোলাপি রঙের আধিক্য থাকে। ভারতীয় প্লেয়াররা নামবেন গোলাপি রংয়ের রিবন পরে।
আজ আলবানিজ ভারত ও অস্ট্রেলিয়া দলের সঙ্গে আলাদা দাঁড়িয়ে গ্রুপ ছবি তোলেন। বক্তব্য রাখতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে। আরেকটি ছবিতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে মোবাইল থেকে কিছু দেখাচ্ছেন আলবানিজ, দুজনেই হাসছেন।
বিরাট কোহলি ধাক্কা মারায় তাঁর সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন স্যাম কনস্টাস। বিরাট কোহলির আর্থিক জরিমানাও হয় মেলবোর্ন টেস্টে। তবে এদিন বিরাট কোহলির সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্যামের দুই দাদা বিলি ও জনি।
এদিকে, ২০১৭ সাল থেকে বর্ডার-গাভাসকর ট্রফি রয়েছে ভারতের দখলে। সিডনি টেস্টে ভারত হারলে বা টেস্টটি ড্র হলে অস্ট্রেলিয়া এত বছর পর বর্ডার-গাভাসকর ট্রফির দখল নেবে।












Click it and Unblock the Notifications