দলবদলের বাজারে একজন ভালো ভারতীয় স্ট্রাইকারকে টার্গেট করেছে এটিকে মোহনবাগান । আগামী মরসুমে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের র্যা ডারে রয়েছেন ঈশান পন্ডিতা। জামশেদপুর এফসিতে খেলা ভারতীয় এই স্ট্রাইকারকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট।
ঈশান পন্ডিতা নিজেও আগ্রহী আগামী-মরসুমে মোহনবাগানের জার্সি পড়ে খেলতে। সম্প্রতি সোশ্যাল সাইটে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছেন ভারতীয় দলের স্ট্রাইকার ।সম্প্রতি ইনস্টাগ্রামে লিস্টন কোলাসোর একটি ছবিতে সংকেত পূর্ণ মন্তব্য করেছেন ঈশান। দুইয়ে দুইয়ে চার করার সময় হয়তো এখনও আসেনি। তবে ঈশান পন্ডিতা কলকাতা এলে অবাক হওয়ার কিছু থাকবে না।
বুধবার এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে হায়দরাবাদের বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান। দল মাঠে খেললেও টিম ম্যানেজমেন্ট কিন্তু বসে নেই। তাঁরা আগামী মরসুমের দল গঠনে জোর কদমে নেমে পড়েছে। এএফসি কাপের যোগ্যতা অর্জনের পাশাপাশি দল গঠনের দিকেও বাড়তি গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
হায়দরাবাদ এফসির তরুণ ডিফেন্ডার আকাশ মিশ্র'কে দলে প্রায় নিশ্চিত করে ফেলেছে সবুজ-মেরুন। বাগান ম্যানজেমেন্ট সূত্রের খবর, ১৫ কোটি টাকার বিনিময়ে তাঁকে দলে নিতে চলেছে গঙ্গাপাড়ের ক্লাব। অতীতেও আশিক কুরিয়ান, আশিষ রাইদের নিজামের শহর থেকে তুলে এনেছিল সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। এবারও হায়দরাবাদের ঘর ভাঙতে চাইছে গঙ্গাপাড়ের ক্লাব। সঙ্গে আগামী মরসুমের জন্য ফেরান্দোর হাতে একটা সোনার দলও তুলে দিতে চাইছে কর্তারা।
Photo Credit: ছবি ঈশান পণ্ডিতা ইনস্টাগ্রাম
কোচ চূড়ান্ত হওয়ার পর জোর কদমে দল গঠনের কাজ চলছে ইস্টবেঙ্গলেও। আগামী মরসুমের লাল হলুদ জার্সি গায়ে বিনীত রায়কে খেলতে দেখা যেতে পারে। টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, ইতিমধ্যেই বিনীতের এজেন্টের কাছে চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। সই করে দিলেই চূড়ান্ত ঘোষণা করতে পারে ইস্টবেঙ্গল।