ISL: পিছিয়ে পড়েও নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিল এটিকে মোহনবাগান
পিছিয়ে পড়েও নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিল এটিকে মোহনবাগান
ছন্দে বজায় রাখল এটিকে মোহনবাগান। শনিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ৩-১ গোলে পরাজিত করল সবুজ-মেরুন ব্রিগেড। জনি কাউকো এবং লিস্টন কোলাসোর যুগলবন্দীতে খালিদ জামিলের দলের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিল এটিকে মোহনবাগান।

ম্যাচের চারটি গোলের মধ্যে তিনটি গোলই আসে প্রথমার্ধে। শনিবাসরীয় সন্ধ্যায় ফতোরদা স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েছিল এটিকে মোহনবাগান। লুস বল পাওয়া মার্সেলো পেরেরা পিছন থেকে দৌড় শুরু করা সুহের ভিপির উদ্দেশ্যে বাড়িয়ে দেন ঠিকানা লেখা পাস। মার্সেলোর ঠিকানা লেখা বলকে জালে জড়াতে ভুল করেননি ভিপি সুহের। পিছিয়ে পড়া এটিকে মোহনবাগানের সমতা ফেরাতে বেশি সময় লাগেনি। লিস্টন কোলাসোর পাস থেকে মোহনবাগানকে ম্যাচে ২২ মিনিটে সমতায় ফেরান জনি কাউকো।
জুয়েন ফেরান্দোর ছেলেরা ম্যাচে সমতা ফিরিয়ে আনার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায়। পাহাড়ি দলটির গোলদূর্গে পরের পর অ্যাটক তুলে এনেছিল সবুজ-মেরুন জার্সিধারীরা। এর ফলে প্রথমার্ধ শেষ হওয়ার কিছু মিনিট আগে গঙ্গাপারের ক্লাবটিতে এগিয়ে দেন লিস্টন কোলাসো। তরুণ এই মিডফিল্ডারকে ঠিকানা নির্ভুল পাসটি বাড়িয়েছিলেন ইউরো কাপে ফিনল্য়ান্ডের জার্সিতে প্রতিনিধিত্ব করা কাউকো। এর আগে ৪২ মিনিটে প্রবীর দাসে থেকে পাওয়া বল থেকে গতিতে নেওয়া মনবীর সিং-এর শট বাঁচিয়ে দেন নর্থইস্টের গোলরক্ষক শুভাশিস রায় চৌধুরি। শুধু এটিকে মোহনবাগান নয়, সুযোগ এসেছিল নর্থইস্ট ইউনাইটেডের কাছেও। একাধিক সুযোগ তৈরি করলেও সমতা ফিরিয়ে আনার গোলটি পায়নি খালিদ জামিলের দল। যার ফলে এগিয়ে থেকেই প্রথার্ধে মাঠ ছাড়ে এটিকে এমবি।
যেখান থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছিল কলকাতার অন্যতম প্রধান সেখান থেকেই শুরু করে দ্বিতীয়ার্ধের খেলা। এটিকে মোহনবাগানরে আক্রমণের ঝাঁঝের সামনে এঁটে উঠতে পারেনি নর্থ ইস্টের ডিফেন্স। ৫২ মিনিটে মোহনবাগানকে ৩-১ গোলে এগিয়ে দেন মনবীর সিং। ম্যাচে ৭৯ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল নর্থইস্টও। কিন্তু ইমারান খানের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ঠ হয়। ৮৫ মিনিটে হার্নান সান্তানার দুরন্ত ভাবে কাট করে এটিকে মোহনবাগানের বক্সে ঢুকে পড়েন। তাঁর শট একটুর জন্য ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়।
এই ম্যাচে জয়ের ফলে ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে এল এটিকে মোহনবাগান। ১৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সবার শেষেই থাকল নর্থইস্ট ইউনাইটেড।












Click it and Unblock the Notifications