Asian Games 2023: জার্সি তুলে বিশেষ সেলিব্রেশন তিলকের, ম্যাচ শেষে নিজেই ফাঁস করলেন রহস্য
আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের পর জাতীয় দলের দরজা খুলে গিয়েছে তিলক বর্মার জন্য। ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলে প্রথম সুযোগেই নিজের জাত চিনিয়েছিলেন হায়দরাবাদী তারকা। এবার এশিয়ান গেমসের সেমিফাইনালেও নিজের প্রতিভার প্রতি সুবিচার করলেন তিলক।
শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে তিলক ৫৫ রানে অপরাজিত থাকেন। ২৬ বলে ৫৫ রানের দুরন্ত ইনিংস উপহার দিলেন ভারতীয় তারকা ক্রিকেটার। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ৬টি ছয়। তাঁর স্ট্রাইকরেট ছিল ২১১.৫৩। কিন্তু অর্ধশতরানের সেলিব্রেশনে নজর কাড়লেন ভারতীয় তরুণ ক্রিকেটার।

ম্যাচের শেষে তিলক এই সেলিব্রেশনের রহস্য ফাঁস করলেন। তাঁর কথায়, 'এই সেলিব্রেশনটা ছিল আমার মায়ের জন্য। কারণ শেষের কয়েকটি ম্যাচ ভালো হয়নি আমার। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যদি অর্ধশতরান করতে পারি এবং দলকে জেতাতে পারি তা হলে আমি টিভিতে প্রকাশ্যেই আমার ট্যাটু দেখাব। এটা আমার মায়ের জন্য।'

এরআগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ কেরিয়ারে প্রথম অর্ধশতরান করে রোহিত শর্মার কন্যা সামাইরাকেই উৎসর্গ করেছিলেন। এবার ফের একবার হিটম্যানের কন্যার নাম উঠে এল তাঁর মুখে। আসলে মুম্বই ইন্ডিয়ান্সে খেলার সুবাদে রোহিতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক তিলকের।

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট দল ভারতকে সোনা এনে দিয়েছে। এ বার ছেলেদের পালা। ফাইনালের কাদের বিরুদ্ধে রুতুরাজদের খেলতে হবে তা ঠিক হবে পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচের পর। শনিবার হবে ফাইনাল।












Click it and Unblock the Notifications