Asian Games 2023: স্বপ্নার ইউটার্ন, ‘রূপান্তরকামী ইস্যুতে’ সতীর্থের কাছে ক্ষমা প্রার্থনা বঙ্গ অ্যাথলিটের
Asian Games 2023: এশিয়ান গেমসের ফাইনালে স্বদেশীয় অ্যাথলিট নন্দিনী আগাসারার কাছে পদক হাতছাড়া হয় স্বপ্না বর্মণের। ফাইনালে হারের হতাশা থেকেই সমাজমাধ্যমে বিস্ফোরণ ঘটিয়েছিলেন জলপাইগুড়ির বঙ্গতনয়া, প্রশ্ন তুলেছিলেন সতীর্থের নারীত্ব নিয়েই। কিন্তু ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন স্বপ্ন বর্মণ। আগেই বিতর্কিত টুইট এক্স থেকে সরিয়ে নিয়েছিলেন। এবার লিখিত বিবৃতি দিয়ে ক্ষমাও চাইলেন।
রবিবার হেপ্টাথলনে শুরুতে পিছিয়ে থাকলে ধীরে ধীরে নিজেকে তুলে এনেছিলেন স্বপ্না। তাতেও পদকের স্বপ্নপূরণ হয়নি। চতুর্থ হয়েই স্বপ্নাকে থামতে হয়েছে এশিয়ান গেমসে। এই ইভেন্ট থেকে ব্রোঞ্জ পেয়েছেন ভারতেরই নন্দিনী আগাসারা।তাঁর বিরুদ্ধেই রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন বাঙালি অ্যাথলিট। যা ভারতীয় অ্যাথলেটিক্সে জন্ম দিয়েছিল বিরাট বিতর্কের।

পদক হাতছাড়া হওয়ার পরই সমাজমাধ্যমে বিস্ফোরণ ঘটান স্বপ্না। তাঁর নিশানায় ছিলেন নন্দিনী। স্বপ্নার অভিযোগ ছিল রূপান্তরকামী অ্যাথলিটের কাছে তাঁকে হারতে হয়েছে। এটা নিয়ম বিরুদ্ধে। ২০১৮ সালে এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জিতেছিলেন। কিন্তু এবার তাঁকে খালি হাতেই ফিরত হয়েছে।
গত ২ অক্টোবর পদক হাতছাড়া হওয়ার পর সমাজমাধ্যমে স্বপ্না লিখেছেন, 'আমি চিনে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে একজন রূপান্তরকামী মহিলার জন্য এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক পেলাম না। আমি আমার পদক ফেরত চাই। কারণ এটা আমাদের অ্যাথলেটিক্সের নিয়মের পরিপন্থী। আমাকে সাহায্য করুন এবং আমাকে সমর্থন করুন।' যদিও সেই টুইটটি পরে মুছে দেন স্বপ্না। কিন্তু তাতেও বিতর্ক কমেনি।
I wish to tender my unconditional apology for my tweet the other day specially to my co-athlete was the sheer disappointment and momentous emotional outburst which made me react in this manner against the ethos of sports and deeply feels sorry everyone for my emotional reaction🙏🏻
— Swapna Barman (@Swapna_Barman96) October 5, 2023
এবার সম্পূর্ণ ইউটার্ন করলেন স্বপ্না বর্মণ। চাইলেন নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। সমাজমাধ্যমে স্বপ্না লিখেছেন, 'আমি সে দিন যে টুইট করেছিলাম তার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। বিশেষত আমার সতীর্থ অ্যাথলিটের কাছে। নিছক হতাশা এবং মানসিক অবস্থা ঠিক না থাকার ফলে আমি নীতির বিরুদ্ধে এইভাবে প্রতিক্রিয়া দিয়ে ফেলেছিলাম। খেলাধুলার নিয়ম ভেঙে প্রতিক্রিয়া দেওয়ার জন্য প্রত্যেকের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।'

চোট আঘাতের সমস্যা বিগত কয়েক বছর ধরেই স্বপ্নাকে অস্বস্তিতে রেখেছে। এরইমধ্যে বাংলাও ছেড়ে বর্তমানে মধ্যপ্রদেশে থেকে প্রতিনিধিত্ব করেন জলপাইগুড়ির বঙ্গতনয়া। এরইমধ্যে তাঁর প্রতিক্রিয়া নতুন করে বিতর্কের জন্ম দেয়।












Click it and Unblock the Notifications