এশিয়া কাপের মধ্যেই বিরাটের টি ২০ অবসর নিয়ে জল্পনা! কোহলি সিদ্ধান্ত না নিলে কবে পদক্ষেপ নির্বাচকদের?
এশিয়া কাপে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রান করলেও বিরাট কোহলির ব্যাটিং সামগ্রিকভাবে হতাশই করেছে ভারতীয় ক্রিকেট ভক্তদের। গত টি ২০ বিশ্বকাপের পর থেকেই ভারত আগ্রাসী ব্যাটিংয়ের রণকৌশল নেয়। কিন্তু বিরাট কোহলি যেভাবে মাঝের ওভারগুলিতে ব্যাট করছেন তা ভারতের নতুন স্ট্র্যাটেজির সঙ্গে মানানসই নয়। তার ফলে এশিয়া কাপের মধ্যেই বিরাট কোহলির টি ২০ আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

ছন্দে নেই কিং কোহলি
বিরাট কোহলি ২০২১-২২ মরশুমে সাতটি টি ২০ আন্তর্জাতিকে পাঁচটি ইনিংসে ব্যাট করেছেন। একবার অপরাজিত থেকে রান করেছেন ১৩৭। সর্বাধিক স্কোর ৫৭। গড় ৩৪.২৫, স্ট্রাইক রেট ১১২.২৯। চলতি মরশুমে মাত্র তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন বিরাট। রান মাত্র ৪৭, সর্বাধিক গতকালের ৩৫। ব্যাটিং গড় ১৫.৬৬, স্ট্রাইক রেট ক্রমাগত কমে হয়েছে ১০৯.৩০। ২০১৯-২০ ও ২০২০-২১ মরশুমে বিরাটের স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ১৫৩.৪২ ও ১৪৫.৪১।

টি ২০ কেরিয়ার নিয়ে জল্পনা
নামটা যেহেতু বিরাট কোহলি তাই তাঁকে টি ২০ বিশ্বকাপের দলেও রাখা হবে। যদি এশিয়া কাপেও তিনি ব্যর্থ হন। কিন্তু তিনি যেভাবে ব্যাট করছেন তাতে কতদিন তাঁকে বয়ে বেড়ানো হবে তা নিয়ে চর্চা চলছেই। বিসিসিআই চাইবে না টি ২০ বিশ্বকাপের আগে বিরাটকে নিয়ে কোনও নয়া বিতর্ক হোক। গত টি ২০ বিশ্বকাপের আগেই বিরাট জানিয়ে দিয়েছিলেন, ভারতীয় দলের টি ২০ অধিনায়কত্ব ছাড়ার কথা। পরে আইপিএলে আরসিবির ক্যাপ্টেন্সিও ছেড়ে দেন। যদিও বিরাটের ঘোষণার সময় নিয়ে অসন্তোষ জন্মায় বোর্ডের অন্দরমহলে। বোর্ডকর্তারা মনে করেছিলেন, বিরাটের উচিত ছিল টি ২০ বিশ্বকাপের পর নিজের সিদ্ধান্ত ঘোষণা করা। গত টি ২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর বিরাটকে প্রথমে একদিনের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেন নির্বাচকরা। পরে দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ হারার পর টেস্ট ক্যাপ্টেন্সি বিরাট ছেড়ে দেন। তিন ফর্ম্যাটের মধ্যে কোনও একটির ক্যাপ্টেন্সি ছেড়ে নিজের উপর ভার লাঘব করতে চেয়েছিলেন বিরাট। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি।

মানানসই ব্যাটিং হচ্ছে না
সম্প্রতি বিরাট এক সাক্ষাৎকারে বলেছেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এক মাস ব্যাট না ছোঁয়ার কথা। এই পরিস্থিতিতে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বার্ন আউটের আশঙ্কা। নিজের কেরিয়ারকে দীর্ঘায়িত করতে বিরাট নিজে কোনও ফরম্যাটকে বিদায় জানাতেই পারেন। বিরাটের বয়স ৩৩, ৪৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আইপিএলও রয়েছে। আগের টি ২০ বিশ্বকাপের পর দেশের নেতৃত্বের ভার ছেড়ে দেওয়া বিরাট এবারের টি ২০ বিশ্বকাপের পর এই ফরম্যাটকে বিদায় জানালে অবাক হওয়ার কিছু নেই। বিরাট পাওয়ারপ্লে-তে গতকাল ভালো গতিতে রান তুললেও মাঝের ওভারগুলিতে স্ট্রাইক রেট কমে যাওয়ার সমস্যা এড়াতে পারছেন না। অনেক সময় বল প্রতি রানও তুলতে পারছেন না। গতকাল ৩৫ রান করে দায়িত্বজ্ঞানহীন শট খেলে বিরাট আউট হন, স্ট্রাইক রেট ছিল ১০২-এর মতো। যা ধাক্কা দিচ্ছে ভারতের পরিকল্পনাকে। চলতি বছর বিরাট কোহলি পাঁচটি টি ২০ আন্তর্জাতিকে রান করেছেন যথাক্রমে ১৭, ৫১, ১, ১১ ও ৩৫। ১৭ রান করেছিলেন ১৩ বলে, ৫২ করেন ৪১ বলে, গতকালের ৩৫ করেন ৩৪ বলে। আইপিএলেও বিরাট-সুলভ ব্যাটিং করতে পারেননি কোহলি।

বড় সিদ্ধান্ত কবে?
মনে করা হচ্ছে, টি ২০ বিশ্বকাপ অবধি তিনেই নামবেন বিরাট। কিন্তু তারপর? বিসিসিআই তথা নির্বাচকরা তাকিয়ে থাকবেন বিরাটের দিকে। তিনি কোনও সিদ্ধান্ত নিলে ভালো। নাহলে নির্বাচকরা হেড কোচ রাহুল দ্রাবিড় ও এনসিএ ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণের সঙ্গে কথা বলে যে রোডম্যাপ তৈরি করবেন তাতে বিরাটের থাকার সম্ভাবনা কম। আগামী বছর দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ। টি ২০ বিশ্বকাপ আবার হবে ২০২৪ সালে। ফলে বিরাট টি ২০ বিশ্বকাপের পর ভারতের টি ২০ বিশ্বকাপ দলে থাকবেন সে কথা হলফ করে কেউ বলতে পারছেন না। বিরাট অনির্দিষ্টকালের জন্য টি ২০ থেকে সরে গেলে তা হবে সহজ পথ। পরবর্তী এফটিপিতে ভারতের ৩৮টি টেস্ট রয়েছে। এর আগেও তারকা ক্রিকেটারদের একবারে বা ধাপে ধাপে বিভিন্ন দল থেকে সরানো হয়েছে। বিরাটের ক্ষেত্রেও তেমনটাই হতে পারে। টি ২০ বিশ্বকাপের আগে বা পরে কোহলির সঙ্গে কথা বলতে পারেন বিসিসিআইয়ের শীর্ষকর্তারা। তারপরই হতে পারে চূড়ান্ত পদক্ষেপ।












Click it and Unblock the Notifications