Asia Cup: এশিয়া কাপে বিরাট কোহলির রয়েছে অনন্য নজির, ভাঙতে পারবেন জয়সূর্যর কীর্তি? একনজরে ব্যাটিং পরিসংখ্যান
Asia Cup: এশিয়া কাপ শুরু হচ্ছে অগাস্টের ৩০ তারিখ থেকে। ৫০ ওভারের ফরম্যাটে ৭ বার ও টি ২০ ফরম্যাটে ভারত ১ বার চ্যাম্পিয়ন হয়েছে। এশিয়া কাপে ভারতের ব্যাটারদের রয়েছে একাধিক নজির। তবে বিরাট কোহলির যে রেকর্ড রয়েছে তা কারও নেই।
এশিয়া কাপ প্রথম হয়েছিল ১৯৮৪ সালে। তারপর থেকে আজ পর্যন্ত দুই ফরম্যাটেই শতরান হাঁকিয়েছেন, এমন ব্যাটার বিরাট কোহলি ছাড়া আর কেউ নেই।

বিরাট কোহলি ২০১০ সালে প্রথমবার এশিয়া কাপ খেলেন। তিনি ৫০ ওভারের ফরম্যাটে এশিয়া কাপের ১১টি ম্যাচে ১০টি ইনিংসে ৬১৩ রান করেছেন। তিনটি শতরান ও ১টি অর্ধশতরান রয়েছে। টি ২০ ফরম্যাটের এশিয়া কাপে ১০টি ম্যাচ খেলেছেন, ৯টি ইনিংসে ৪২৯ রান করেছেন। একটি শতরান ও তিনচি অর্ধশতরান রয়েছে। গত বছর আফগানিস্তান ম্যাচে বিরাট ৯০ বলে ১২২ রান করে অপরাজিত ছিলেন।
টি ২০ ফরম্যাটে পাকিস্তানের বাবর হায়াত ২০১৬ সালে ওমানের বিরুদ্ধে ৯১ বলে ১২২ রান করেছিলেন। বিরাট ও হায়াত ছাড়া এশিয়া কাপের টি ২০ ফরম্যাটে আর কেউ শতরান পাননি। ভারতীয়দের মধ্যে এশিয়া কাপে সর্বাধিক শতরান রয়েছে কোহলির। দুই ফরম্যাট মিলিয়ে চারটি। সচিন তেন্ডুলকর, সুরেশ রায়না ও শিখর ধাওয়ান এশিয়া কাপে ২টি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন।

এশিয়া কাপে শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য মোট ৬টি শতরান করেছেন। বিরাট কোহলির সামনে এবার জয়সূর্যর কীর্তি স্পর্শ বা সেই রেকর্ড ভেঙে দেওয়ার হাতছানি। শ্রীলঙ্কার আরেক প্রাক্তনী কুমার সঙ্গকারার শতরানের সংখ্যা চারটি। ফলে এবারের এশিয়া কাপে বিরাট আর একটি শতরান হাঁকালেই সর্বাধিক শতরানকারীদের তালিকায় এককভাবে দখল করবেন দ্বিতীয় স্থান। পাকিস্তানের শোয়েব মালিকের এশিয়া কাপে ৩টি শতরান রয়েছে।
এশিয়া কাপে লাহিরু থিরিমানে, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, ইউনিস খান, মুশফিকুর রহিম, শাহিদ আফ্রিদি ও সচিন তেন্ডুলকরের দুটি করে শতরান রয়েছে। একটি করে শতরানকারীদের দীর্ঘ তালিকায় ভারতীয়দের মধ্যে রয়েছেন রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, নভজ্যোৎ সিং সিধু, গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহওয়াগ, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা।












Click it and Unblock the Notifications