এশিয়া কাপ চলাকালীন জোড়া নজির রোহিত শর্মার! হিটম্যানকে স্পর্শ করলেন বিরাট কোহলি
এশিয়া কাপে পাকিস্তান ও হংকংকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারত। গতকাল দুবাইয়ে হংকংয়ের বিরুদ্ধে দুটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন স্পর্শ করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে সাড়ে তিন হাজার রানের মাইলফলক পেরিয়ে গেলেন। টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশিবার ৫০ পার করার নিরিখে রোহিতকে স্পর্শ করলেন বিরাট।

বিরাট স্পর্শ করলেন রোহিতকে
বিরাট কোহলি গতকালের ম্যাচে একটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৫৯ রান করেন। এটি তাঁর টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারের ৩১তম অর্ধশতরান। পরিসংখ্যান বলছে, রোহিত ও বিরাট ছাড়া বিশ্বের আর কেউ ৩০ বা তার বেশিবার টি ২০ আন্তর্জাতিকে ৫০ পেরোননি। রোহিত শর্মা পেরিয়েছেন ৩১ বার, গতকাল বিরাট রোহিতের এই সংখ্যা স্পর্শ করেছেন। টি ২০ আন্তর্জাতিকে রোহিত শর্মার শতরান রয়েছে চারটি, অর্ধশতরান ২৭টি। টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলির শতরান না থাকলেও, সবচেয়ে বেশি ৩১টি অর্ধশতরানের রেকর্ডটি তাঁর দখলেই রয়েছে। পাকিস্তানের বাবর আজম ১টি শতরান ও ২৬টি অর্ধশতরান করেছেন টি ২০ আন্তর্জাতিকে। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল টি ২০ আন্তর্জাতিকে ২টি শতরান ও ২০টি অর্ধশতরান করেছেন। ডেভিড ওয়ার্নারের রয়েছে ১টি শতরান ও ২২টি অর্ধশতরান। আয়ারল্যান্ডের পল স্টার্লিং ১টি শতরান ও ২০টি অর্ধশতরান হাঁকিয়েছেন টি ২০ আন্তর্জাতিকে।

বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে
বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে গতকালই রোহিত শর্মা টি ২০ আন্তর্জাতিকে সাড়ে তিন হাজার রান পূর্ণ করেছেন। ১৩৪টি ম্যাচের মধ্যে ১২৬টি ইনিংসে তাঁর রান এখন ৩৫২০। গড় ৩২, স্ট্রাইক রেট ১৩৯.৮৪। রোহিতের টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক স্কোর ১১৮। টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার প্রথম পাঁচে বাকিরা হলেন মার্টিন গাপটিল (৩৪৯৭), বিরাট কোহলি (৩৪০২), পল স্টার্লিং (৩৪০২) ও অ্যারন ফিঞ্চ (২৮৫৫)। বিরাট ১০১টি টি আন্তর্জাতিক খেলেছেন, গড় ৫০.৭৭, স্ট্রাইক রেট ১৩৭.১২। মার্টিন গাপটিলকে টপকে রোহিতের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে সাড়ে তিন হাজার রান করার কীর্তি কিং কোহলি চলতি এশিয়া কাপেই গড়তে পারেন।

কোহলিকে টপকে দ্বিতীয় সফলতম
গতকাল ভারত অধিনায়ক হিসেবে টি ২০ আন্তর্জাতিক জয়ের নিরিখে রোহিত শর্মা টপকে গিয়েছেন বিরাট কোহলিকে। হংকংকে ভারত হারিয়েছে ৪০ রানে। রোহিত শর্মার নেতৃত্বে ৩৭তম টি ২০ আন্তর্জাতিকে এটি ভারতের ৩১তম জয়। বিরাটের নেতৃত্বে ভারত ৩০টি টি ২০ আন্তর্জাতিক জিতেছিল। সবকিছু ঠিকঠাক চললে টি ২০ বিশ্বকাপের আগেই রোহিত শর্মা দেশের সফলতম টি ২০ অধিনায়ক হয়ে যেতে পারবেন। এশিয় কাপে ভারত ফাইনালে উঠলে এখনও চারটি ম্যাচ খেলবে। এরপর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত দেশের মাটিতে ৬টি টি ২০ আন্তর্জাতিক রয়েছে। টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারত প্রস্তুতি ম্যাচও খেলবে। সবগুলি জিতলে ধোনির ভারত অধিনায়ক হিসেবে ৪১টি টি ২০ আন্তর্জাতিক জয়ের রেকর্ড ভেঙে দেবেন রোহিত। খুব বেশি হলে আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত টি ২০ আন্তর্জাতিকেও দেশের সফলতম অধিনায়কের মুকুটটি পরে ফেলবেন বিশ্বকাপেই।

ব্যাটিং অর্ডারে পরীক্ষা-নিরীক্ষা
হংকংয়ের বিরুদ্ধে ২৬ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব, ম্যাচের সেরাও হয়েছেন। আইপিএলে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সেই খেলেন সূর্য। রোহিত ম্যাচের পর সূর্যকুমারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেছেন, যে ইনিংস সূর্য খেলেছেন তা বর্ণনার উপযুক্ত শব্দই খুঁজে পাচ্ছি না। প্রায়ই তিনি এমন ইনিংস খেলছেন। ব্যাট করতে নেমে নির্ভীক থেকে তিনি খেলছেন, এটাই তাঁর কাছ থেকে দল প্রত্যাশা করছে। কয়েকটি এমন শট তিনি খেলেছেন তা কোনও বইয়ে খুঁজে পাবেন না। তাঁর ব্যাটিং দেখতে ভালো লাগছে। শট বাছাইও খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি মাঠজুড়েই তিনি শট খেলতে সক্ষম। পাকিস্তান ম্যাচে চারে নেমে দলকে জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন রবীন্দ্র জাদেজা, গতকাল সেখানেই পাঠানো হয় সূর্যকে। রোহিতের কথায়, ব্যাটিং অর্ডারে ধরাবাঁধা যে কিছু থাকবে না তা সকলকেই জানানো হয়েছে। যে কাউকে যে কোনও পজিশনে খেলানো হতে পারে। প্রত্যেকেই সুযোগের সদ্ব্যবহারে তৈরি। আপাতত ঘুরিয়ে ফিরিয়ে সেরা কম্বিনেশন চূড়ান্ত করার প্রক্রিয়াই যে চলছে তা ফের স্পষ্ট করেন ভারত অধিনায়ক।












Click it and Unblock the Notifications