ভুবনেশ্বরের নজির গড়া বিধ্বংসী বোলিংয়ের চাবিকাঠি প্রকাশ্যে, শক্তিতে আস্থা রাখায় প্রশংসা শোয়েবের
এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির শতরানের পাশাপাশি বল হাতে উজ্জ্বল ভুবনেশ্বর কুমার। সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯তম ওভার করতে গিয়ে অভিজ্ঞ ভুবি প্রচুর রান দিয়ে ফেলায় ভারতকে হারতে হয়েছিল। কিন্তু টি ২০ বিশ্বকাপের দল নির্বাচনের আগে শেষ ম্যাচে বল হাতে জ্বলে উঠলেন ভুবনেশ্বর কুমার।

দুরন্ত ভুবনেশ্বর
আফগানিস্তানের বিরুদ্ধে তিনি চার ওভার বল করেছেন, একটি মেডেন, চার রানের বিনিময়ে নিয়েছেন পাঁচটি উইকেট। টি ২০ আন্তর্জাতিকে সেরা বোলিং ফিগারের তালিকায় ভুবির পারফরম্যান্সটি রইল ১৬ নম্বরে। অবশ্য ভারতীয়দের মধ্যে তিনি রইলেন দীপক চাহার ও যুজবেন্দ্র চাহালের পরেই। ২০১৯ সালে নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে চাহার ৩.২ ওভারে ৭ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন। ২০১৭ সালে চাহাল ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট।
|
ভুবির নজির
এশিয়া কাপ সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ভুবনেশ্বর কুমার জানান, পাওয়ারপ্লে-তে উইকেট পাওয়াই সবচেয়ে বেশি তৃপ্তি দিচ্ছে তাঁকে। তাঁর কথায়, সাদা বল খুব বেশি স্যুইং করে না। কিন্তু আফগানিস্তানের ম্যাচে ভালোই স্যুইং করানো গিয়েছে। সাদা বলের এমন আচরণ তাঁকে কিছুটা অবাক যে করেছে সে কথা জানাতে ভোলেননি টি ২০ আন্তর্জাতিকে চাহালকে টপকে ভারতের সর্বাধিক উইকেটশিকারী হয়ে যাওয়া ভুবনেশ্বর কুমার। তিনি বলেন, যেখানেই বল করতে গিয়েছি সেখানেই উইকেট পেয়েছি। উল্লেখ্য, ভুবনেশ্বর পাওয়ারপ্লে-তে ৩ ওভারে ৪ রান দিয়ে চার উইকেট নেন। যা ভারতীয়দের মধ্যে সেরা পারফরম্যান্স।
|
স্যুইংয়েই সাফল্য
সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেন, ওই দুটি ম্যাচেই বল ভালো স্য়ুইং করানো যায়নি। সাদা বল কেমন আচরণ করবে তা আগাম নিশ্চিতভাবে বলা যায় না। আগের ম্যাচগুলিতে সেভাবে স্যুইং ও বাউন্স আদায় করা যায়নি। দীপক চাহার টি ২০ আন্তর্জাতিক খেললেন ফেব্রুয়ারির পর। ভুবনেশ্বর বলেন, চাহার চোট সারিয়ে মাঠে ফিরেছেন। তিনিও দুই দিকে বল স্যুইং করাতে পারেন। তবে তাঁকে এখন কিছুটা সময় দিতে হবে। গতকালের ম্যাচে চাহার ৪ ওভারে ২৮ রান দিয়েছেন, কোনও উইকেট পাননি। এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারলেও এই টুর্নামেন্ট টি ২০ বিশ্বকাপের আগে খুব গুরুত্বপূর্ণ ছিল বলেও উল্লেখ করেন ভুবি। শক্তিশালী দলের বিরুদ্ধে ভারতের সামগ্রিক পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট।
|
প্রশংসা শোয়েবের
ভুবনেশ্বর কুমার বল স্যুইং করানোর ক্ষেত্রে যেভাবে গুরুত্ব দেন আফগানিস্তান ম্যাচে তার প্রশংসা করেছেন শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ভুবি খুবই ভালো বোলিং করেছেন। যখন চাপটা কিছুটা কম ছিল, তখন ভুবনেশ্বর নিজের প্রধান অস্ত্রে আস্থা দেখিয়ে বল স্যুইং করিয়েছেন। তা নিয়ে খুব দক্ষতার সঙ্গেই করেছেন, যা প্রশংসনীয়। এই দিনটা ভুবিরই ছিল। উল্লেখ্য, প্রথম ওভারেই বল হাতে জোড়া ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার। চতুর্থ ও ষষ্ঠ বলে তুলে নেন হজরতুল্লাহ জাজাই ও রহমানুল্লাহ গুরবাজের উইকেট। তৃতীয় ওভারও জোড়া ধাক্কা চতুর্থ বলে আউট করেন করিম জানাতকে। ওই ওভারের শেষ বলে লেগ বিফোর হন নাজিবুল্লাহ জাদরান। এরপর সপ্তম ওভারে বল করতে এসে ভুবি সাজঘরে ফেরান আজমাতুল্লাহ ওমরজাইকে। এটি উইকেট মেডেন। আফগানিস্তানের প্রথম ছয়টি উইকেটের পাঁচটিই ভুবির। ওমরজাই আউট হলে আফগানিস্তানের স্কোর দাঁড়ায় ৬.৫ ওভারে ৬ উইকেটে ২১ রান।












Click it and Unblock the Notifications