এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রবি-বদল! টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল শ্রীলঙ্কা

এশিয়া কাপে সুপার ফোরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে দুবাইয়ে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। রোহিত শর্মার দলকে ফাইনালের আশা জিইয়ে রাখতে হলে জিততেই হবে। শ্রীলঙ্কা আবার জয়ের ধারা বজায় রেখে ফাইনালের দিকে পা বাড়িয়ে রাখতে চাইবে শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগেই। টস জিতে ফিল্ডিং নিয়েছে শ্রীলঙ্কা।

টস জিতল শ্রীলঙ্কা

টস জিতে ফিল্ডিং নেওয়া প্রসঙ্গে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা বলেন, এখানে শেষ ১০-১২টি ম্য়াচে রান তাড়া করেই জয় এসেছে। সে কারণেই রান তাড়া করার সিদ্ধান্ত। দল যে ছন্দে রয়েছে তাতে জয়ের বিষয়েও আশাবাদী তিনি। ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান তিনিও টস জিতলে ফিল্ডিং নিতেন। যে উইকেটে খেলা হচ্ছে সেটিতেই ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল। রোহিতের কথায়, আগের দিনের তুলনায় ঘাস কম, উইকেট শুক্ষ রয়েছে। আগের ম্যাচে উইকেট ক্রমেই ব্যাটিং সহায়ক হয়ে উঠেছিল। আমরা ভালো ব্যাট করলেও অল্পের জন্য হেরে যাই। টি ২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপের ফরম্যাটকে সাধুবাদ জানিয়ে রোহিত চাইছেন, চাপের মুখেও ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে। বেশি হারা চলবে না বলেও উপলব্ধি তাঁর। ভারত-পাকিস্তান ম্য়াচ থেকে তাঁর দল শিক্ষা নিয়েছে বলেও দাবি হিটম্যানের। আজ প্রথমে ব্যাট করেও জয় ছিনিয়ে নিতে চাইছেন। মাথায় রাখছেন ডিউ ফ্যাক্টর। শ্রীলঙ্কার কম্বিনেশন অনুযায়ী দলে ট্যাকটিক্যাল পরিবর্তন আনা হয়েছে বলে মন্তব্য রোহিতের।

বিষ্ণোইয়ের পরিবর্তে অশ্বিন

বিষ্ণোইয়ের পরিবর্তে অশ্বিন

ভারতীয় দলে একটিই পরিবর্তন। রবি বিষ্ণোইয়ের পরিবর্তে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনকে নেওয়া হয়েছে। যদিও ঋষভ পন্থের জায়গায় দীনেশ কার্তিককে দলে আনা হয়নি। শ্রীলঙ্কা দল অপরিবর্তিত। শ্রীলঙ্কার দলের ব্যাটিং লাইন আপ দেখেই অশ্বিনকে খেলানোর কৌশলী সিদ্ধান্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিয়েছে বলে মনে করা হচ্ছে। মিডল অর্ডারে শ্রীলঙ্কার তিনজন বাঁহাতি ব্যাটার রয়েছেন। ফলে অশ্বিনের ক্যারম বল-সহ বৈচিত্র্যপূর্ণ বোলিং ফ্যাক্টর হতে পারে। ওয়াসিম আক্রম অবশ্য বলেন, যুজবেন্দ্র চাহালকে বসিয়ে অশ্বিনকে নেওয়া উচিত ছিল ভারতের। উল্লেখ্য, রবিবার পাকিস্তান ম্য়াচে ভারতের কৃপণতম বোলার ছিলেন বিষ্ণোই, পাওয়ারপ্লেতে বাবর আজমের উইকেট পেয়েছিলেন। তাঁর তিনটি ওভারে একটিও বাউন্ডারি হাঁকাতে পারেননি পাক ব্যাটারার। অশ্বিনকে টি ২০ বিশ্বকাপে খেলানোর পক্ষে সওয়াল করে তাঁকে প্রথম একাদশে টানা খেলানোর কথা বলেছেন গৌতম গম্ভীর।

ভারতের মাস্ট উইন ম্য়াচ

রোহিত শর্মার দল রবিবার পাকিস্তানের কাছে হেরে গিয়েছে। ফলে ফাইনালে ওঠার জন্য অন্য কোনও ফলাফলের দিকে তাকিয়ে থাকতে না হলে ভারতকে আজ এবং বৃহস্পতিবার আফগানিস্তানকে হারাতে হবে। আফগানিস্তান মোটেই সহজ প্রতিপক্ষ নয়। বিশেষ করে মহম্মদ নবির দল যেভাবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল। আফগানিস্তানের ম্যাচ বাকি রয়েছে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা হারিয়েছে আফগানদের। বাংলাদেশ, আফগানিস্তানের পর আজ ভারতকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক সারতে মুখিয়ে রয়েছে দাসুন শনাকার দল।

পরিসংখ্যানে এগিয়ে ভারত

পরিসংখ্যানের নিরিখে আজ ভারত আজ খেলতে নামছে ফেভারিট হিসেবেই। ২০১৮ সাল থেকে শ্রীলঙ্কা ভারতের কাছে সাতটি টি ২০ আন্তর্জাতিকে পরাস্ত হয়েছে। জিতেছে মাত্র তিনটিতে। এই তিনটির মধ্যে দুটি গত বছর কলম্বোয় শ্রীলঙ্কা জিতেছিল, সেই সিরিজে ভারত দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল। তারপরেও করোনা থাবা বসানোয় ভাঙাচোরা দল নামাতে বাধ্য হয়েছিল ভারত। চলতি বছর ভারতে এসে টি ২০ সিরিজে দুরমুশ হয়েছিল শ্রীলঙ্কা। ভারত তিন ম্যাচের সিরিজ জেতে হোয়াইটওয়াশ নিশ্চিত করে।

একনজরে একাদশ

ভারত- লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীপক হুডা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।

শ্রীলঙ্কা- পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চরিথ আসালঙ্কা, দানুষ্কা গুণতিলকা, ভানুকা রাজাপক্ষ, দাসুন শনাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+