এশিয়া কাপ ইস্যুতে কোণঠাসা পাকিস্তান, ভারতের পাশে শ্রীলঙ্কা, বাংলাদেশ
এশিয়া কাপ ইস্যুতে চাপ আরও বাড়ল পাকিস্তানের। পাক ভূমিতে এশিয়া কাপ না খেলার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়াল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। বিসিসিআইয়ের মতো এই দুই দেশের ক্রিকেট বোর্ডও চাইছে না পাকিস্তানে আয়োজিত হোক এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্ট।
সূ্ত্রের খবর, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের এই দুই প্রতিবেশী দেশ। পরিবর্তে নিজেদের দেশেই এই টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে শ্রীলঙ্কা, বাংলাদেশ। তবে এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি।

এশিয়া কাপ খেলতে রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্তে অনড় বিসিসিআই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই এই নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পাল্টা চাপেও সুর নরম করেনি ভারত।


ইতিমধ্যেই বিশ্বকাপ নিয়েও ভারতকে পাল্টা চাপ দিয়েছে পিসিবি। ভারতে দল পাঠানোর জন্য বিসিসিআইয়ের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি চেয়েছে পাক ক্রিকেট বোর্ড। যা নিয়ে সরগরম ওয়াঘার দুই সীমান্তের ক্রিকেট রাজনীতি। পিসিবি চেয়ারম্যানের নিজম শেঠি জানিয়েছেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। এই টুর্নামেন্টে খেলতে ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানো হবে, এই মর্মে লিখিত আশ্বাস পেলে তবেই বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবেন তাঁরা।
এশিয়া মহাদেশে ভারতের বিরুদ্ধে গিয়ে ক্রিকেটে যে কোনও কিছু করা সম্ভব নয়, তা ভালোয় জানে পাকিস্তান। এর আগেও একাধিকবার বিসিসিআইয়ের বিভিন্ন ইস্যুতে পিসিবি বিরোধিতা করেছিল আন্তজার্তিক মঞ্চে। কিন্তু নিজেদের দাবিকে সুপ্রতিষ্ঠিত করতে পারিনি। এবারও এশিয়া কাপ ইস্যুতে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে পাকিস্তান।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications