Asia Cup 2023: শুভমান গিলের দাপুটে শতরান, চলতি বছর একদিনের আন্তর্জাতিকে গড়লেন ঈর্ষণীয় নজির
Asia Cup 2023: এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন শুভমান গিল। আজ কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে তিনি দুরন্ত শতরান হাঁকিয়েছেন। যা তাঁর ওডিআই কেরিয়ারের পঞ্চম সেঞ্চুরি।
চলতি বছর একদিনের আন্তর্জাতিকে প্রথম ব্যাটার হিসেবে ১ হাজার রান করার মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন ভারতীয় ওপেনার।

বাংলাদেশের বিরুদ্ধে ভারত ২৬৬ রানের টার্গেট তাড়া করছে। ভারতের ব্যাটিং লাইন আপ কার্যত ধরাশায়ী। কিন্তু উইকেটের এক প্রান্ত আগলে রেখে দলকে লক্ষ্যের দিকে নিয়ে যেতে থাকেন শুভমান গিল। রোহিত শর্মা প্রথম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হয়েছিলেন। অভিষেক ম্যাচে তিলক বর্মা করেন ৯ বলে ৫।
লোকেশ রাহুল ১৯, ঈশান কিষাণ ৫, সূর্যকুমার যাদব ২৬, রবীন্দ্র জাদেজা ৭ রানে আউট হন। কিন্তু দায়িত্বশীল ইনিংস উপহার দেন গিল। বেশ কিছু দৃষ্টিনন্দন শট উপহার দেন। চলতি বছর অর্থাৎ ক্যালেন্ডার ইয়ারে আপাতত তিনিই একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক রানের মালিক হয়ে গেলেন। পেরিয়ে গেলেন ১ হাজার রানের মাইলফলক।

সব ধরনের ফরম্যাট ধরলে ৪৯-এর বেশি গড় রেখে দেড় হাজার রানের বেশি করেছেন। সেখানেই পিছনে ফেলেছেন বিশ্বের সমস্ত ব্যাটারদের। গত ১৮ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচে তিনি ২০৮ রানের ইনিংস খেলেছিলেন, পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের কনিষ্ঠতম ব্যাটার হিসেবে দ্বিশতরান করেন।
আজ ভারতীয় ইনিংসের ৩৭তম ওভারে ক্যালেন্ডার ইয়ারে ১ হাজার ওডিআই রান করে ফেলেন গিল। গত জানুয়ারিতেই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুবনন্তপুরমে ১১৬ রান করেছিলেন, তার পরের ম্যাচেই কিউয়িদের বিরুদ্ধে দ্বিশতরান। ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওই সিরিজেই করেন ১১২। তারপর আজকের এই সেঞ্চুরি।
শুভমান গত বছরের অগাস্টে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ওডিআই শতরান (৯৭ বলে ১৩০) করেছিলেন। আজ ৬১ বলে পূর্ণ করেন অর্ধশতরান। তখনও অবধি তিনি ৬টি চার ও একটি ছয় মেরেছিলেন। গিলের শতরান পূর্ণ হয় ১১৭ বলে। সেই সময় তাঁর নামের পাশে ৬টি চার ও চারটি ছয়।












Click it and Unblock the Notifications