মারো মুঝে মারো নয়, এশিয়া কাপে পাকিস্তানের হারের পর বিরাট-হার্দিককে কী বললেন মোমিন সাকিব?
ও ভাই, মারো মুঝে মারো! রীতিমতো ভাইরাল হয়ে যাওয়া ভিডিওর সৌজন্যে পাকিস্তানের মিম তারকা মোমিন সাকিব এখন দারুণ জনপ্রিয়। ভারতের কাছে পাকিস্তানের হার নিয়ে যে অনবদ্য অভিনয়-সমৃদ্ধ মজাদার ভিডিও তিনি ২০১৯ সালের বিশ্বকাপের পর পোস্ট করেছিলেন, সেই ধারাবাহিকতা বজায় রাখেন এখনও। ভারতীয় ক্রিকেট তারকাদের সঙ্গেও তাঁর দারুণ সম্পর্ক।
ভারতের জয়ের পর মোমিন
দুবাইয়ে এশিয়া কাপের আসরে হাজির হয়েছেন মোমিন। গতকালের খেলা শেষ হওয়ার পর তিনি বিরাট কোহলির সঙ্গে দেখা করেন। দুই বল বাকি থাকতে ছক্কা হাঁকিয়ে ভারতকে জেতানো হার্দিক পাণ্ডিয়ার সঙ্গেও কথা হয় মোমিনের। দুজনকেই তিনি বলেন, ফাইনাল হবে ভারত ও পাকিস্তানের মধ্যেই। পাকিস্তানের হারে মন খারাপ হলেও বিরাট ও হার্দিকের সঙ্গে সাক্ষাতের পর আপ্লুত পাকিস্তানের এই মিম তারকা।
বিরাট প্রশংসা
বিরাট কোহলির সঙ্গে করমর্দন সেরে মোমিন বলেন, জয়ের জন্য অভিনন্দন। আমার কাছে আজ দুঃখের দিন। তবে আশা করি ভারত ও পাকিস্তান ফাইনালেও পরস্পরের মুখোমুখি হবে। আইপিএলে যেভাবে কামব্যাক করে গুজরাত টাইটান্সকে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া খেতাব জিতিয়েছেন এবং জাতীয় দলে কামব্যাকের পরও যে দারুণভাবে খেলে চলেছেন সেজন্য হার্দিককে ধন্যবাদ জানান মোমিন। তাঁকেও বলেন, ফাইনালে ভারত-পাক দ্বৈরথের প্রত্যাশার কথা।
ভুলবেন না হার্দিকের ছক্কা
যে ভিডিওগুলি তিনি পোস্ট করেন তার মধ্যে বিরাটের সঙ্গে সাক্ষাতের ভিডিওটিতে মোমিন লিখেছেন, একজন দারুণ ক্রীড়াবিদ এবং অসাধারণ নম্র এক মানুষ। তাঁকে ফর্মে ফিরতে দেখে ভালো লাগল। দারুণ খেলা হলো। ফাইনালে দেখা হবে। হার্দিকের সঙ্গে সাক্ষাতের ভিডিওর ক্যাপশনে মোমিন লেখেন, ভালোরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হলো। পাকিস্তানের বোলাররা ভালো বোলিং করেছেন। তবে পাকিস্তানের হাত থেকে ম্যাচ ব্যাট হাতে ছিনিয়ে নিয়েছেন হার্দিক। জয়সূচক ছক্কাটি তিনি ভুলবেন না বলেও উল্লেখ করেছেন মোমিন।
মজাদার ভিডিও
খেলা চলাকালীন বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন মোমিন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম রান না পাওয়ায় তিনি হতাশ। পাকিস্তানের ব্যাটিং দেখে টেনশে অসুস্থ হয়ে পড়ার মজাদার কয়েকটি ভিডিও-ও পোস্ট করেছেন মোমিন সাকিব। পাকিস্তান শেষের দিকে যখন দ্রুত উইকেট হারাচ্ছে তখন মোমিনকে ব্যাট হাতে মাঠে নামার ইচ্ছাপ্রকাশের ভিডিও থেকে শুরু করে পাকিস্তানের হারের পর কান্নার দৃশ্যে অভিনয়ের মজাদার ভিডিও জনপ্রিয় হয়েছে। তিনি ভারত ও পাকিস্তানকে ফাইনালে দেখলেও সুপার ফোরেও ভারত-পাক দ্বৈরথ হওয়া নিশ্চিতই বলা চলে।
(ছবি- মোমিন সাকিবের ইনস্টাগ্রাম)












Click it and Unblock the Notifications