অপ্রতিরোধ্য অভিষেক, সুপার ওভারে অনবদ্য অর্শদীপ, এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের কষ্টার্জিত জয়
এশিয়া কাপে অপরাজেয় থেকেই ফাইনাল খেলবে সূর্যকুমার যাদবের ভারত। তবে শুক্রবার নিয়মরক্ষার ম্যাচে মেন ইন ব্লু কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কার বিরুদ্ধে।
রবিবার ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলবে পাকিস্তান। সুপার ওভারে অনবদ্য বোলিং করলেন অর্শদীপ সিং। ওপেনার অভিষেক শর্মার ফর্মও দুরন্ত, পেলেন টানা তৃতীয় অর্ধশতরান।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কা ফিল্ডিং নিয়েছিল। ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান তোলে। অভিষেক শর্মা ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩১ বলে ৬১ রান করেন। শুভমান গিল করেন ৩ বলে ৪। তিনে নেমে অধিনায়ক সূর্যকুমার যাদব ১৩ বলে ১২ রান করেন।
তিলক বর্মা ৩৪ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। সঞ্জু স্যামসন ২৩ বলে ৩৯, হার্দিক পাণ্ডিয়া ৩ বলে ২ রান করেন। অক্ষর প্যাটেল অপরাজিত থাকেন ১৫ বলে ২১ রানের ইনিংস খেলে। মাহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, ওয়ানিন্দু হাসারঙ্গা, দাসুন শনাকা ও চরিথ আসালঙ্কা একটি করে উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে ২০২ রানেই থামে। শেষ ৬ ওভারে জেতার জন্য দরকার ছিল ১২ রান। তবে প্রথম বলেই হর্ষিত রানা শতরানকারী পাথুম নিসাঙ্কাকে আউট করায় কিছুটা অস্বস্তিতে পড়ে শ্রীলঙ্কা। দাসুন শনাকার লড়াইয়েই ম্যাচ টাই রাখতে সক্ষম হয় তারা। ৭টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৫৮ বলে ১০৭ রান করেন নিসাঙ্কা। ৩২ বলে ৫৮ কুশল পেরেরার। ১১ বলে ২২ রানে অপরাজিত থাকেন শনাকা।
হার্দিক পাণ্ডিয়া ১ ওভারে ৭, অর্শদীপ সিং ৪ ওভারে ৪৬, হর্ষিত রানা ৪ ওভারে ৫৪, কুলদীপ যাদব ৪ ওভারে ৩১ ও বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩১ রান খরচ করে একটি করে উইকেট পান।
এরপর সুপার ওভারে শ্রীলঙ্কা পুরো ১ ওভার খেলতে পারেনি। ৫ বলে ২ রান তুলে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। দুই ওপেনারই শূন্য রান করেন। কামিন্দু মেন্ডিস করেন অপরাজিত ১। অর্শদীপ তুলে নেন উইকেট দুটি। এরপর প্রথম বলেই তিন রান নিয়ে দলকে জেতান অধিনায়ক সূর্য।












Click it and Unblock the Notifications