নাসিম শাহ এশিয়া কাপে পাকিস্তানের হিরো! মায়ের জন্য কাঁদেন, বাবার হাতে কেন মার খেতেন?
এশিয়া কাপ রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে নাসিম শাহকে। ভারতের টপ অর্ডারে আঘাত হেনে নজর কেড়েছিলেন। তবে আফগানিস্তানের বিরুদ্ধে পরপর জোড়া ছক্কা হাঁকিয়ে নাসিম পাকিস্তানকে ফাইনালে পৌঁছে দিতেই তাঁকে নিয়ে উচ্ছ্বাসে ভাসছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। বিশেষজ্ঞরাও খুশি তাঁর পারফরম্যান্স দেখে। তবে এই সাফল্যের মধ্যেও নাসিমের মন কাঁদে মায়ের জন্য।
|
মাকে দেওয়া কথা রেখেছেন
পাকিস্তানের এক সংবাদমাধ্যমে নাসিমের পিতা আব্বাস শাহ জানিয়েছেন, ছোটবেলা থেকে তাঁর মায়ের খুব আদরের ছিলেন নাসিম। ছোটবেলা থেকে নাসিম বলতেন, তিনি বড় হয়ে পাকিস্তানের হয়ে খেলবেন। কিন্তু দির থেকে কেউ পাকিস্তান দলে খেলবেন এটা তাঁর পরিবারের কেউ বিশ্বাস করতেন না। যদিও নাসিমের জাতীয় দলে অভিষেক দেখে যেতে পারেননি তাঁর মা। প্রয়াত মায়ের জন্যই তাই সাফল্যের মধ্যেও মন খারাপ হয় নাসিমের। ১৯ বছরের এই পেসার বারবার বলেন, যদি মা আজ বেঁচে থাকতেন, তাহলে পাকিস্তানের জার্সি গায়ে আমাকে খেলতে দেখে তিনিই সবচেয়ে খুশি হতেন।

বাবার হাতে মার
আর পাঁচটি পরিবারের থেকে আলাদা নয় নাসিমের পরিবারও। ক্রিকেট খেলে কেরিয়ার গড়ার স্বপ্নে নাসিম বিভোর থাকলেও তাঁর পরিবার সব সময় চাইত, বাড়ির ছেলে পড়াশোনায় মন দিক। নাসিমের বাবা পাকিস্তানের সংবাদমাধ্যমে বলেছেন, আমি নিজে নাসিমকে বেশ কয়েকবার মেরেছি ক্রিকেট খেলার জন্য। বলতাম, ক্রিকেট না খেলে পড়াশোনায় মন দিতে। ক্রিকেট কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে আমাদের কারও সমর্থন ছিল না নাসিমের প্রতি। তবে লুকিয়ে নাসিমকে ক্রিকেট খেলার জন্য টাকা দিতেন তাঁর দাদা।
|
নাসিমের কেরিয়ার
২০১৯ সালে নাসিমের টেস্ট অভিষেক ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৬ বছর ২৭৯ দিনের মাথায়। সর্বকনিষ্ঠ হিসেবে টেস্ট অভিষেক হওয়া ক্রিকেটারদের তালিকায় নবম স্থানে নাসিম। ১৬ বছর ৩০৭ দিনের মাথায় টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নেন, সবচেয়ে কম বয়সে এমন কীর্তি গড়ার ক্ষেত্রে নাসিম রয়েছেন দুই নম্বরে। চলতি এশিয়া কাপে টি ২০ অভিষেক হয় গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে। গত মাসে নেদারল্যান্ডস সফরে হয় একদিনের অভিষেক। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩৩ রানে ৫ উইকেট দখল করেন। এশিয়া কাপে এই প্রতিবেদন লেখা অবধি নাসিম ৫ ম্যাচে সাতটি উইকেট নিয়েছেন। ভারতের বিরুদ্ধে টি ২০ অভিষেকে তিনি ৪ ওভারে ২৭ রান খরচ করে লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবকে সাজঘরে ফিরিয়েছিলেন।

ফাইনালেও সপ্রতিভ
আজ ফাইনালেও দলকে ভরসা দিচ্ছেন নাসিম। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। এই প্রতিবেদন লেখা অবধি শ্রীলঙ্কা ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে। প্রথম ওভারের তৃতীয় বলেই কুশল মেন্ডিসের উইকেট ছিটকে দেন নাসিম। ২ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এখনও অবধি নাসিম ৩ ওভারে ২৫ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। টি ২০ বিশ্বকাপেও বিপক্ষ ব্যাটারদের নাসিম তাঁর দুরন্ত গতি দিয়ে চিন্তায় ফেলবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications