রোহিত এশিয়া কাপে ভাঙতে পারেন সচিনের রেকর্ড! একনজরে টুর্নামেন্টের ব্যাটিং পরিসংখ্যান
২০১৮ সালের এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর এই প্রথম এশিয়া কাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহীতে। শ্রীলঙ্কা থেকে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, খেলাগুলি হবে দুবাই ও শারজায়। এশিয়া কাপ এবার হচ্ছে টি ২০ ফরম্যাটে। সবচেয়ে বেশিবার এই প্রতিযোগিতা জিতেছে ভারত। একনজরে দেখে নেওয়া যাক উল্লেখযোগ্য কিছু ব্যাটিং পরিসংখ্যান।

দলগত রেকর্ড
এশিয়া কাপে এক ইনিংসে সর্বাধিক রানের নজির রয়েছে পাকিস্তানের দখলে (২০১০ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে ৩৮৫)। ভারতের সর্বাধিক স্কোর ৪ উইকেটে ৩৭৪, ২০০৮ সালে হংকংয়ের বিরুদ্ধে। টি ২০ ফরম্যাটের এশিয়া কাপে ইনিংসে সর্বাধিক রানের নজির রয়েছে ওমানের। ২০১৬ সালে হংকংয়ের বিরুদ্ধে ৫ উইকেটে ১৮০। ভারত টি ২০ ফরম্যাটে এশিয়া কাপে সবচেয়ে বেশি রান করেছে বাংলাদেশের বিরুদ্ধে, ২০১৬ সালে মীরপুরে ৬ উইকেটে ১৬৬। সেবারই পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছিল ১৯.২ ওভারে ৪ উইকেটে ১৫১। শ্রীলঙ্কা সেই ম্যাচে করেছিল ৪ উইকেটে ১৫০। এশিয়া কাপে ৫০ ওভারের ফরম্যাটে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড বাংলাদেশের। ২০০০ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৮৭ রানে শেষ হয়েছিল বাংলাদেশ। ভারতের ৫০ ওভারের ফরম্যাটে সর্বনিম্ন স্কোর ১৬৯। টি ২০ ফরম্যাটে সবচেয়ে কম রানের নজির সংযুক্ত আরব আমিরশাহীর, ২০১৬ সালে মীরপুরে ভারতের বিরুদ্ধে ৯ উইকেটে ৮১।

ব্যক্তিগত রেকর্ড
এশিয়া কাপে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান করেছেন সচিন তেন্ডুলকর। ২৩টি ম্যাচে সচিন ৯৭১ রান করেছেন। সর্বাধিক স্কোর ১১৪। ২টি শতরান ও সাতটি অর্ধশতরান রয়েছে। এশিয়া কাপে এখনও অবধি সর্বাধিক রান রয়েছে শ্রীলঙ্কার সনৎ জয়সূর্যর। ২৫টি ম্যাচে তিনি ১২২০ রান করেছেন। সর্বাধিক স্কোর ১৩০, ৬টি শতরান ও ৩টি অর্ধশতরান রয়েছে। সচিনের আগে এই তালিকায় দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কারই কুমার সঙ্গকরারা। চারটি শতরান ও আটটি অর্ধশতরান-সহ ২৪টি ম্যাচে তিনি ১০৭৫ রান করেছেন, সর্বাধিক স্কোর ১২১।

সচিনকে টপকাতে পারবেন রোহিত?
ভারত অধিনায়ক রোহিত শর্মা শোয়েব মালিককে টপকে এই তালিকার চতুর্থ স্থানে চলে আসতে পারেন। পাকিস্তানের শোয়েব মালিক তিনটি শতরান ও চারটি অর্ধশতরান-সহ এশিয়া কাপে ২১ ম্যাচে ৯০৭ রান করেছেন। রোহিত ২৭ ম্যাচে করেছেন ৮৮৩, একটি শতরান ও সাতটি অর্ধশতরান রয়েছে, সর্বাধিক স্কোর অপরাজিত ১১১। এমনকী সচিনকে পিছনে ফেলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনে উঠে আসার হাতছানিও রয়েছে রোহিতের সামনে।

বিরাট নজির
বিরাট কোহলি এশিয়া কাপে কোনও ইনিংসে ব্যক্তিগত সর্বাধিক রান করার রেকর্ডটি নিজের দখলে রেখেছেন। পাকিস্তানের বিরুদ্ধে ২০১২ সালে মীরপুরে তিনি ১৪৮ বলে ১৮৩ রান করেছিলেন। ২২টি চার ও একটি ছয়ের সাহায্যে। সব ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপে বিরাট ১৬ ম্যাচে ৭৬৬ রান করেছেন। সর্বাধিক স্কোর ১৮৩, তিনটি শতরান ও দুটি অর্ধশতরান রয়েছে। এ ছাড়া এশিয়া কাপে পাকিস্তানের ইউনিস খান ও মুশফিকুর রহিম দুজনেই ব্যক্তিগত সর্বাধিক ১৪৪ রান করেছেন। এশিয়া কাপে সবচেয়ে বেশি শতরান করেছেন জয়সূর্য (৬টি), ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি বিরাট (৩টি শতরান)। এশিয়া কাপের একটি সংস্করণে সর্বাধিক ৩৭৮ রান করেন জয়সূর্য। ভারতীয়দের মধ্যে কোনও এশিয়া কাপে সর্বাধিক রান করেন সুরেশ রায়না (৩৭২)। সেরা পার্টনারশিপ পাকিস্তানের মহম্মদ হাফিজ ও নাসির জামশেদের (২২৪)। ভারতের ক্ষেত্রে এশিয়া কাপে সেরা পার্টনারশিপ গড়েন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে (২১৩)।












Click it and Unblock the Notifications