এশিয়া কাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির নজির কার দখলে? একনজরে গুরুত্বপূর্ণ ব্যাটিং রেকর্ড
এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু ২৭ অগাস্ট থেকে। আগামী রবিবার ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। এশিয়া কাপ একমাত্র ২০১৬ সালেই টি ২০ ফরম্যাটে হয়েছে। এরপর ফের এবারই হবে। একনজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কিছু ব্যাটিং রেকর্ড।

সবচেয়ে বেশি শতরানকারী প্রথম তিন
এশিয়া কাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি তিনটি শতরান করেছেন বিরাট কোহলি। বিরাট এশিয়া কাপে সর্বাধিক শতরানকারীদের তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে। ১৬টি ম্যাচে তিনটি শতরান-সহ বিরাট ৭৬৬ রান করেছেন এই টুর্নামেন্টে। এশিয়া কাপে সর্বাধিক শতরান করেছেন শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য। ২৫টি ম্যাচে তাঁর ৬টি শতরান রয়েছে। দ্বিতীয় স্থানে পাকিস্তানের শোয়েব মালিক, তিনি ২৪টি ম্যাচে চারটি শতরান করেছেন এই টুর্নামেন্টে।

দুটি করে সেঞ্চুরি যাঁদের
এশিয়া কাপে দুটি করে শতরান রয়েছে এমন ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ভারতের তিনজন ক্রিকেটার। এশিয়া কাপে শিখর ধাওয়ান ১৩টি ম্যাচে, সচিন তেন্ডুলকর ২৩টি ম্যাচে এবং সুরেশ রায়না ১৮টি ম্যাচে দুটি করে শতরান হাঁকিয়েছেন। এ ছাড়াও দুটি করে শতরান রয়েছে শ্রীলঙ্কার লাহিরু থিরিমানে, পাকিস্তানের ইউনিস খান ও শাহিদ আফ্রিদি এবং বাংলাদেশের মুশফিকুর রহিমের।

একটি করে শতরান করেছেন যাঁরা
এশিয়া কাপে একটি করে শতরান যে ভারতীয়দের রয়েছে তাঁরা হলেন রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, নভজ্যোৎ সিং সিধু, গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহওয়াগ, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার। এ ছাড়া এশিয়া কাপে যাঁদের একটি করে শতরান রয়েছে তাঁরা হলেন- পাকিস্তানের মঈন-উল-আতিক, ফাওয়াদ আলম, ইজাজ আহমেদ, ইয়াসির হামিদ, আহমেদ শেহজাদ, নাসির জামশেদ, মহম্মদ ইউসুফ, মহম্মদ হাফিজ, উমর আকমল, বাংলাদেশের আনামুল হক, লিটন দাস, অলোক কাপালি, মহম্মদ আশরাফুল, হংকংয়ের বাবর হায়াত, শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু, অর্জুন রণতুঙ্গা ও আফগানিস্তানের মহম্মদ শাহজাদ।

অর্ধশতরানের নজির
এশিয়া কাপে সবচেয়ে বেশি ১২টি অর্ধশতরান করেছেন শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা। ৯টি করে হাফ সেঞ্চুরি রয়েছে ভারতের সচিন তেন্ডুলকর ও শ্রীলঙ্কার সনৎ জয়সূর্যর। ভারত অধিনায়ক রোহিত শর্মা এশিয়া কাপে আটটি অর্ধশতরান করেছেন। ফলে তিনি সচিন ও জয়সূর্যকে ছুঁতে, এমনকী টপকে যেতেও পারেন। আতাপাত্তু, সিধু, রণতুঙ্গা, শোয়েব মালিক ও মাহেলা জয়বর্ধনে এশিয়া কাপে ৭টি করে অর্ধশতরান করেছেন। ৬টি করে হাফ সেঞ্চুরি রয়েছে গৌতম গম্ভীর, ইনজামাম উল হক, তামিম ইকবাল ও উমর আকমলের। সৌরভ গঙ্গোপাধ্যায়, শিখর ধাওয়ান, মিসবা উল হক, ইউনিস খান, বিরাট কোহলি ও সুরেশ রায়না পাঁচটি করে অর্ধশতরান করেছেন এশিয়া কাপে। নাসির জামশেদ, মহম্মদ আজহারউদ্দিন, মহম্মদ হাফিজ, বীরেন্দ্র শেহওয়াগ, চামারা কাপুগেদেরা, মহেন্দ্র সিং ধোনি, অরবিন্দ ডি সিলভা ও মুশফিকুর রহিমের চারটি করে অর্ধশতরান রয়েছে এশিয়া কাপে।

শূন্যে ফেরা
এশিয়া কাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ২ বার শূন্য রানে আউট হয়েছেন রোহিত শর্মা। যদিও টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশিবার শূন্যে আউট হওয়ার নজির রয়েছে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার। বাংলাদেশের রুবেল হোসেন ও আমিনুল ইসলাম, পাকিস্তানের সলমন বাট, শাহিদ আফ্রিদি ও শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে তিনবার করে শূন্য রানে আউট হয়েছেন এই টুর্নামেন্টে।












Click it and Unblock the Notifications