এশিয়া কাপ নিয়ে জটিলতা কাটছে। পাকিস্তানের হাইব্রিড মডেকে গ্রহণ করতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী এশিয়া কাপে চারটি ম্যাচ ঘরের মাঠে আয়োজন করবে। অবশ্যই এর মধ্যে থাকবে না কোনও ভারতের ম্যাচ। ভারত পাকিস্তান ম্যাচ সহ টুর্নামেন্টের বাকি ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
আগামী মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে সরকারিভাবে ঘোষণা হতে পারে। হাইব্রিড মডেল মেনে নেওয়ায় অক্টোবর নভেম্বরে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসার বিষয়ে সম্মত হয়েছে পাকিস্তান। ফলে একইসঙ্গে বিশ্বকাপ নিয়ে চলা জটিলতারও অবসান হতে চলেছে।এমনকি আহমেদাবাদে ভারতের সঙ্গে ম্যাচ খেলতেও সম্মত হয়েছে পাকিস্তান।
ছবি পিটিআই
দিল্লি ইসলামাবাদের মধ্যে চলা কূটনৈতিক উত্তেজনার কারণে ভারত পাকিস্তান সফরে যাবে না বলে সাফ জানিয়ে দেয় বিসিসিআই। টুর্নামেন্ট আয়োজনে মরিয়া পিসিবি হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিল। পিসিবি আয়োজক হিসেবে অন্তত টুর্নামেন্টের কিছু ম্যাচ যেন পাকিস্তানে হয়, তা নিশ্চিত করতে আগ্রহী। নিরপেক্ষ ভেন্যু হিসেবে দৌড়ে ছিল সংযুক্ত আরব আমিরাত এবং পুরো টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী ছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত মরুদেশে নয় এশিয়া কাপ আয়োজিত হতে চলেছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়।
পাকিস্তানের লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে যে চারটি ম্যাচ হতে পারে সেগুলি হল পাকিস্তান বনাম নেপাল, বাংলাদেশ বনাম আফগানিস্থান, আফগানিস্থান বনাম শ্রীলঙ্কা, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। ভারত সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতে। গল বা পাল্লিকলে এই ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের নক আউটের ম্যাচগুলিও হবে দ্বীপরাষ্ট্রেই।
ছবি সৌজন্য পিটিআই
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ৫০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া ছয় দলের এশিয়া কাপে নেপালের সাথে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। আর, অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। ১৩ দিন জুড়ে ফাইনাল সহ মোট ১৩ টি ম্যাচ খেলা হবে বলে আশা করা হচ্ছে। তার মধ্যে ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে এবং বাকি ৯ টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
ছবি- পিটিআই
বিগত কয়েক মাস ধরেই এই টুর্নামেন্ট নিয়ে জটিলতা চলছিল। এমনকি দাবি না মানা হলে এশিয়া কাপ বয়কটেরও হুঁশিয়ারি দেয় পিসিবি। ভারত পাকিস্তানের মধ্যে ম্যাচ না হলে এশিয়া কাপের জৌলুস অনেকটাই কমে যেত। ফলে টুর্নামেন্ট বাতিলও হতে পারত। এই পরিস্থিতি দুই পক্ষই কিছুটা নমনীয় হওয়ায় জট খুলল। বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট প্রস্তুতির বড় মঞ্চ বিরাট-বাবরদের।