এশিয়া কাপের শুরুতেই কাটল ভারতের টস জয়ের দীর্ঘ খরা, চূর্ণ সংযুক্ত আরব আমিরশাহী
এশিয়া কাপে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। দুবাইয়ে টি২০ আন্তর্জাতিক ম্যাচে ফয়সালা হতে লাগল মাত্র ১৭.৪ ওভার।
১৫টি ম্যাচ পর অবশেষে আজ ভারত টস জিতল। সূর্য ব্যাট করতে পাঠান ইউএই-কে। ৩.৪ ওভারে প্রথম উইকেটের পতন ঘটে। সেখান থেকে ১৩.১ ওভারেই শেষ মহম্মদ ওয়াসিমের দল।

দুই ওপেনার ছাড়া কেউ দুই অঙ্কের রান পাননি। পাঁচ ওভারের ব্যবধানে ১০ রানের মধ্যে ৮ উইকেট হারায় সংযুক্ত আরব আমিরশাহী। ৮.১ ওভারে ৪৭ রানে তৃতীয় উইকেটটি পড়েছিল। সেখান থেকে ইউএই অল আউট হয়ে যায় ৫৭ রানে। ওপেনার আলিশান শরাফু ২২ ও অধিনায়ক ওয়াসিম করেন ১৯।
হার্দিক পাণ্ডিয়া বোলিং ওপেন করে প্রথম ওভারে ১০ রান দেন। কুলদীপ যাদব ২.১ ওভারে ৭ রান খরচ করে তুলে নিলেন চার উইকেট। শিবম দুবে ২ ওভারে ৪ রান দিয়ে পেলেন তিনটি উইকেট। জসপ্রীত বুমরাহ ৩ ওভারে ১৯, অক্ষর প্যাটেল ৩ ওভারে ১৩ ও বরুণ চক্রবর্তী ২ ওভারে ৪ রান দিয়ে একটি করে উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে ভারত ৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৬০ রান তুলে ফেলে। ওপেনার অভিষেক শর্মা ১৬ বলে ৩০ করে জুনেইদ সিদ্দিকের শিকার হন। তিনি ২টি চার ও তিনটি ছয় মেরেছেন। ভারতের টি২০ দলে ফিরে শুভমান গিল ৯ বলে ২০ রানে অপরাজিত থাকেন। গিলের ইনিংসে রয়েছে ২টি চার ও একটি ছয়। অধিনায়ক সূর্যকুমার যাদব ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন। ভারতের পরের ম্যাচ রবিবার পাকিস্তানের বিরুদ্ধে। ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ।












Click it and Unblock the Notifications