Asia Cup 2023: পাকিস্তানের সুর বদল ২৪ ঘণ্টাতেই, হাইব্রিড মডেলেই সায় জাকা আশরাফের
২৪ ঘণ্টার মধ্যেই এশিয়া কাপে হাইব্রিড মডেল নিয়ে ইউ টার্ন পাকিস্তানের। পাক ক্রিকেট বোর্ডের পরবর্তী প্রধান জাকা আশরাফ হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলতে অস্বীকার করেন। কিন্তু দিন বদলের মতোই সুরও বদলে ফেললেন পাক ক্রিকেট বোর্ডের এই কর্তা। জানিয়ে দিয়েছেন, এশিয়া কাপ হাইব্রিড মডেলেই হবে। এবং তাতে সায় রয়েছে তাঁরও।
পিসিবি প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাজম শেঠি। তাঁর চেয়ারে বসতে চলেছেন জাকা আশরাফ। পদে বসার আগেই কার্যত বোমা ফাঁটান তিনি।

এরপরেই ২৪ ঘণ্টাও কাটল না, তার আগেই ঢোক গিললেন জাকা আশরাফ। নিজের বক্তব্য থেকে একেবারে ৩৬০ ঘুরে ইউ টার্ন নিয়ে নিলেন আশরাফ। নিজের কথার উল্টো সুর শোনা গেল তাঁর গলাতেই। ভাবী পিসিবি প্রধান বলেন, 'যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে তাই সেই অনুযায়ী এখন এগিয়ে যেতে হবে। আমার এই বিষয়ে বিশেষ কিছু করণীয় নেই। দেশের স্বার্থের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হবে, আমি বাধা দিব না।'

হাইব্রিড মডেল চূড়ান্ত হয়ে গেছে। ইতিমধ্যেই দিনক্ষণও টুর্নামেন্টের ঘোষণা হয়ে গিয়েছে। তবে এশিয়া কাপ নিয়ে যতই জল ঘোলা করুক না কেন পিসিবি, এখন আর কোনও কিছু পরিবর্তন করা সম্ভব নয় বলে জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল বোর্ডের সদস্য।

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান এই ছয়দল এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত-পাকিস্তানের গ্রুপে রয়েছে নেপাল।












Click it and Unblock the Notifications