Asia Cup 2023: শ্রীলঙ্কাকে ২১৪ রানের টার্গেট দিল ভারত, ৫ উইকেট নেওয়া দুনিথ তৃপ্ত বিরাটকে ফিরিয়ে
Asia Cup 2023: এশিয়া কাপে শ্রীলঙ্কার স্পিনারদের সামনে বেসামাল ভারতের ব্যাটিং লাইন আপ। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ভারত ৪৯.১ ওভারে ২১৩ রানে অল আউট হয়ে গিয়েছে।
একটি মেডেন-সহ ১০ ওভারে ৪০ রান খরচ করে পাঁচ উইকেট দখল করেছেন দুনিথ ওয়েলালাগে। চরিথ আসালঙ্কা নিয়েছেন চার উইকেট। মাহিশ থিকশানা পেয়েছেন একটি উইকেট। ভারতের হয়ে সর্বাধিক রান অধিনায়ক রোহিত শর্মার।

টানা তিনটি ম্যাচে শতরানের ওপেনিং জুটি গড়ার দিকে এগোচ্ছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। ১১ ওভারে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৮০। ১২তম ওভারে বল করতে ডাকা হয় ২০ বছরের দুনিথ ওয়েলালাগেকে। প্রথম বলেই তিনি তুলে নেন শুভমান গিলের উইকেট। এরপর ১৩.৫ ওভারে বিরাট কোহলি ও ১৫.১ ওভারে রোহিত শর্মাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।
ওয়েলালাগে ভারতের এই তিন ব্যাটারের পাশাপাশি তুলে নিয়েছেন লোকেশ রাহুল ও হার্দিক পাণ্ডিয়ার উইকেট। তবে বিরাট কোহলির উইকেট পাওয়ার স্বপ্নপূরণ হওয়াতেই সবচেয়ে বেশি তৃপ্ত শ্রীলঙ্কার এই স্পিনার। ভারতের প্রথম চারটি উইকেট তিনিই নেন। গত জানুয়ারিতে ভারতে দুটি ম্যাচ খেললেও উইকেট পাননি।

আজ কেরিয়ারের ১৩তম ম্যাচে ১২টি ইনিংসে বল করে প্রথমবারের জন্য পাঁচ উইকেট দখল করলেন। শ্রীলঙ্কা দলের স্পিন বোলিং কোচকে কৃতিত্ব দিয়েছেন ওয়েলালাগে। গত বছরের জুনে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪২ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছিলেন। সেটাই এতদিন ছিল তাঁর সেরা বোলিং ফিগার।
রোহিত শর্মা সাতটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৪৮ বলে ৫৩ রান করেন। ঈশান কিষাণ ৬১ বলে ৩৩, লোকেশ রাহুল ৪৪ বলে ৩৯ রান করেছেন। শার্দুল ঠাকুরের জায়গায় সুযোগ পাওয়া অক্ষর প্যাটেল ৩৬ বলে ২৬ রান করেন। বিরাট কোহলি ৩, হার্দিক পাণ্ডিয়া ৫, রবীন্দ্র জাদেজা ৪, জসপ্রীত বুমরাহ ৫, কুলদীপ যাদব ০ রানে আউট হন। ১৯ বলে ৫ রানে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ।
ঈশান, জাদেজা, বুমরাহ ও কুলদীপের উইকেটটি পেয়েছেন আসালঙ্কা। অক্ষর আউট হন থিকশানার বলে। ১টি মেডেন-সহ ৯ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন চরিথ আসালঙ্কা। ৯.১ ওভারে ৪১ রানের বিনিময়ে ১ উইকেট মাহিশ থিকশানার। পাকিস্তানের বিরুদ্ধে গতকাল পাঁচ উইকেট নিয়েছিলেন কুলদীপ যাদব। আজ ভারত খেলছে তিন স্পিনারে। তাঁরাও শ্রীলঙ্কার বোলারদের মতো পারফর্ম করতে পারেন কিনা সেটাই দেখার।












Click it and Unblock the Notifications