Asia Cup 2023: বিরাট-রাহুলের প্রশংসায় সচিন-শুভমান, বিশ্বকাপের আগে ইতিবাচক দিক চিহ্নিত করলেন মাস্টার ব্লাস্টার
Asia Cup 2023: এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ভারত আজ ২ উইকেটে ৩৫৬ রান তুলেছে। যা একদিনের আন্তর্জাতিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সর্বাধিক রান। বিরাট কোহলি ও লোকেশ রাহুল শতরান হাঁকিয়ে অপরাজিত থেকেছেন।
লোকেশ রাহুলের এই ম্যাচে খেলার কথা ছিল না। শ্রেয়স আইয়ার চোটের কারণে ছিটকে যেতেই তিনি দলে ঢোকেন। চোট সারিয়ে কামব্যাক ম্যাচেই তিনি দুরন্ত শতরান পেলেন। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে।

কলম্বোর এই ইনিংস লোকেশ রাহুলের কেরিয়ারকেও অন্য খাতে চালিত করতে পারে। এমনিতে ভারতীয় দলের যা অবস্থা তাতে প্রথম একাদশে আসার জন্য জোর লড়াই চলছে। সুস্থ এই প্রতিযোগিতা বিশ্বকাপের আগে ভারতের পক্ষে বড় স্বস্তির। ঈশান কিষাণ পাকিস্তান ম্যাচে রান করেছিলেন, এবার রাহুল হাঁকালেন শতরান। বিরাট কোহলির সঙ্গে রেকর্ড পার্টনারশিপ গড়ে।
পুরুষদের এশিয়া কাপে পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে রাহুল পাকিস্তানের বিরুদ্ধে শতরান পেলেন। পাকিস্তানের বিরুদ্ধে রাহুলের এটি প্রথম শতরান। ব্যক্তিগত সর্বাধিক রানের তালিকায় এটি রইল দ্বিতীয় স্থানে। ২০০৮ সালে বীরেন্দ্র শেহওয়াগ (১১৯), ২০১২ সালে বিরাট কোহলি (১৮৩), ২০১৮ সালে শিখর ধাওয়ান (১১৪) ও ২০১৮ সালেই রোহিত শর্মা (১১১) পাকিস্তান ম্যাচে শতরান পেয়েছিলেন।
একদিনের আন্তর্জাতিকে ষষ্ঠ শতরান রাহুল পূর্ণ করেন ১০০ বলে। চারে নেমে ১২টি চার ও ২টি ছয়ের সাহায্যে তিনি ১০৬ বলে ১১১ রানে অপরাজিত থাকেন। ২০২০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাউন্ট মঙ্গানুইয়ে রাহুল ১১৩ বলে ১১২ রান করেছিলেন, সেটিই তাঁর ওডিআইয়ে সর্বাধিক স্কোর। আজ আর ২ রান করলেই সেই নজির ভেঙে যেত।

বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ইনিংস দেখে মুগ্ধ সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার দুজনের প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন। এক্স হ্যান্ডলে সচিন সেই সঙ্গেই লিখেছেন, ভারতীয় দলের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো রোহিত, শুভমান, বিরাট, কেএল, ঈশান ও হার্দিক- প্রথম ৬ ব্যাটারই ২টি ম্যাচে বিভিন্ন পর্যায়ে রান পেয়েছেন। এই ধারা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সচিন।
Congratulations to Virat and KL for their 100s.
— Sachin Tendulkar (@sachin_rt) September 11, 2023
One big positive sign for #TeamIndia is that all our top 6 batters - Rohit, Shubman, Virat, KL, Ishan and Hardik have scored runs at various stages in the 2 matches.
Well played! Keep it up.#INDvPAK pic.twitter.com/yVspWsg4Ax
ভারতীয় ইনিংসের শেষে শুভমান গিল স্টার স্পোর্টসে বলেন, এই পার্টনারশিপ, শতরান খুবই স্পেশ্যাল। আমরা উইপভোগ করেছি। রাহুল চোট সারিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। ফলে এই শতরানটির গুরুত্ব তাঁর কাছেও অনেক। বিরাট ভাইয়াও শতরান করেছেন, ১৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। সেটাও নিশ্চিভাবেই তাঁর কাছেও স্পেশ্যাল।












Click it and Unblock the Notifications