Asia Cup 2023: এশিয়া কাপের ম্যাচ সরছে না কলম্বো থেকে, জয় শাহ-র উপর চটে লাল পাকিস্তান
Asia Cup 2023: শ্রীলঙ্কায় এশিয়া কাপের ম্যাচে প্রভাব ফেলছে বৃষ্টি। পাকিস্তানে আবার খেলা হচ্ছে কার্যত ফাঁকা মাঠে। দর্শক উপস্থিতির হাল দুই দেশেই বেজায় খারাপ। শ্রীলঙ্কায় ভারত-পাকিস্তান ম্য়াচেও মাঠ ভরেনি।
তারপরেও চাতক পাখির মতো সুপার ফোরের ম্যাচ পাওয়ায় আশায় তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল কলম্বো থেকে সুপার ফোরের ম্য়াচগুলি ও ফাইনাল অন্যত্র সরাচ্ছে না।

জানা গিয়েছে, শ্রীলঙ্কায় আবহাওয়ার উন্নতি হচ্ছে। কলম্বোয় ভারী বৃষ্টির কারণে সেখানে অনুষ্ঠেয় ম্যাচগুলি হামবানটোটায় সরানোর ভাবনার কথাও বিভিন্ন মহল থেকে উঠে এসেছিল। কিন্তু আবহাওয়ার উন্নতি হওয়ায় ম্যাচ না সরানোর কথা শ্রীলঙ্কা ক্রিকেট, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও সম্প্রচারকারী সংস্থাগুলিকে জানিয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
অল্প সময়ের মধ্যে ম্যাচ সম্প্রচারের যাবতীয় সরঞ্জাম কলম্বো থেকে হামবানটোটায় সরানোর অসুবিধার কথা জানিয়েছিল সম্প্রচারকারী সংস্থা। গত কয়েক সপ্তাহ ধরে হামবানটোটায় বৃষ্টি হচ্ছে না। সে কারণেই বৃষ্টির কারণে ম্যাচ সরাতে হলে হামবানটোটাকেই বিকল্প হিসেবে ভাবছিল শ্রীলঙ্কা ক্রিকেট। সুপার ফোর পর্যায়ে শ্রীলঙ্কায় প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান।

পাল্লেকেলের পাশাপাশি ডামবুলাতেও কলম্বোর ম্যাচগুলি করানোর পরিকল্পনা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। কিন্তু পাল্লেকেলেতেও বৃষ্টি হচ্ছে। ডামবুলার স্টেডিয়ামে চলছে ফ্লাডলাইট সংস্কারের কাজ। শ্রীলঙ্কায় বৃষ্টির কারণে এশিয়া কাপের বাকি ম্যাচগুলি পাকিস্তানে আয়োজনের পক্ষে সওয়াল করেছিল পিসিবি। তবে তাতে কর্ণপাত করেনি এসিসি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড অবিলম্বে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ডাকার দাবি জানিয়েছে। এমন খবর প্রকাশিত হয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমে। এসিসি সভাপতি জয় শাহ একের পর সিদ্ধান্ত নেওয়ায় এশিয়া কাপ হাসির খোরাক হচ্ছে বলে পাক ক্রিকেট কর্তারা মনে করছেন। সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়ার বন্দোবস্ত চাইছে পিসিবি।












Click it and Unblock the Notifications