Asia Cup 2023: চোটের জন্য দায়ী জিম! এশিয়া কাপের দল নির্বাচনের পর বিস্ফোরক গাভাসকর
বিগত কয়েক বছর ধরেই ভারতীয় দল চোটের সমস্যায় জেরবার। বার বার চোট আঘাতের সমস্যায় পড়ছেন ক্রিকেটাররা। জসপ্রীত বুমরাহ, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, প্রসিদ্ধ কৃষ্ণ তালিকা অনেক লম্বা। চোটের জেরে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলতে পারছেন না ক্রিকেটাররা। ফলে সমস্যায় পড়ছে দল। এশিয়া কাপের দল ঘোষণার দিনেই ক্রিকেটারদের চোট নিয়ে সরব হলেন সুনীল গাভাসকর।
বর্তমান ক্রিকেটে পারফরম্যান্সের সঙ্গে গুরুত্বপূর্ণ ফিট থাকা। ফিটনেসের চূড়ান্ত পর্যায়ে না থাকলে দলে সুযোগ পাওয়া কঠিন। ফলে মাঠে অনুশীলনের মতোই জিমেও অনেকটা সময় ব্যয় করছেন ক্রিকেটাররা। চোটের কারণ হিসাবে জিমে পাওয়ার ট্রেনিংকেই দায়ী করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

এই প্রসঙ্গে গাভাসকর বলছেন, 'যে চোটগুলো হয়েছে, সেগুলো ওজন তুলতে গিয়েই হয়েছে। আমি বিশেষজ্ঞ নই, ভুল হতেই পারি, তবে আমার মনে হয় বেশি ওজন তুলতে গিয়েই চোট পেয়েছে ক্রিকেটাররা। আমার মতে এতে ক্রিকেটের উন্নতি হয় না। অতীতে ফাস্ট বোলাররা এত চোট পেত না।'
এখানেই থেমে থাকেননি সানি। প্রাক্তন ভারত অধিনায়ক আরও উল্লেখ করেছেন, 'ক্রিকেটে ফিটনেস অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেই আমি মনে করি। আমার মনে হয় নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে ফ্র্যাঞ্চাইজিগুলোতে বায়ো মেকানিকস কী কাজ করেন, সে ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন অজিত আগরকর।'

কেএল রাহুলের ফিটনেস রিপোর্ট প্রকাশ না করেই এশিয়া কাপের দলে তাঁকে অর্ন্তভুক্ত করা হয়েছে। যদিও সানি আশাবাদী কর্ণাটকী ব্যাটসম্যান এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচের আগেই ফিট হয়ে যাবেন । অতীতে পারফরম্যান্সের নিরিখে রাহুল দলে সুযোগ পাওয়ার যোগ্য বলেই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক।
গাভাসকর বলেছেন, 'কে এল রাহুলের চোট ঠিক কেমন, সেটা দেখতে হবে। এশিয়া কাপ শুরু হওয়ার আগে আরও ১০ দিন আছে। ভারতীয় দলের প্রথম ম্যাচের আগে ১১ দিন আছে। রাহুলের যদি সামান্য চোট থাকে, তাহলে ওর ফিট হয়ে উঠতে এর বেশি সময় লাগার কথা নয়।'

একইসঙ্গে রাহুল প্রসঙ্গে গাভাসকর আরও উল্লেখ করেন, 'ভারতীয় দলের আরও ম্যাচ আছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে এশিয়া কাপ। ভারতীয় দলের জন্য অতীতে রাহুল যা করেছে, তাতে ওকে সুযোগ দেওয়া ন্যায়সঙ্গত। ও যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে, সেই সুযোগ দেওয়া উচিত।' আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত।












Click it and Unblock the Notifications