Asia Cup 2023: ভারতের বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে শক্তিক্ষয় শ্রীলঙ্কার, ছিটকে গেলেন নির্ভরযোগ্য স্পিনার
Asia Cup 2023: এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে নামার আগে ধাক্কা খেল শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ছিটকে গেলেন তারকা স্পিনার মাহিশ থিকশানা। যিনি আইপিএলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের সদস্য।
বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পান থিকশানা। তাঁর পরিবর্ত হিসেবে ফাইনালের দলে এলেন সাহান আরাচচিগে।

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেও থিকশানা বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবেন বলে আশাবাদী শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা বলেন, থিকশানার গ্রেড থ্রি ইনজুরি রয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের মেডিক্যাল কমিটির প্রধানের দাবি, চোট গুরুতর নয়, তবে ফাইনালে নামানো ঝুঁকিপূর্ণ হয়ে যেত। আপাতত হাই পারফরম্যান্স সেন্টারে রিহ্যাব চলবে থিকশানার।
এসএলসি মেডিক্যাল কমিটির প্রধান প্রফেসর অর্জুন ডি সিলভা জানিয়েছেন, এমআরআই স্ক্যানের পর নিশ্চিত হওয়া গিয়েছে চোট বড় মাপের নয়। হাঁটাচলা করার সময়েও থিকশানা তেমন যন্ত্রণা অনুভব করছেন না। বিশ্বকাপ অদূরে না থাকলে থিকশানাকে রবিবাসরীয় ফাইনালে নামানোর চেষ্টা চালানো হতো বলেও দাবি তাঁর।

ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন। তারপর বোলিং করলেও পায়ে যে সমস্যা হচ্ছে সেটা বোঝা গিয়েছিল। মনে করা হচ্ছে, ফাইনালে শ্রীলঙ্কার একাদশে থিকশানার জায়গায় খেলানো হতে পারে দুশান হেমন্তকে। তিনি ওডিআই খেলেছেন দুটি। তবে ব্যাটিংয়ের দক্ষতা ভালোই। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি ও লিস্ট এ-তে একটি শতরানও রয়েছে।
চলতি বছর থিকশানা শ্রীলঙ্কার সফলতম বোলার। ফলে তাঁর ছিটকে যাওয়া নিঃসন্দেহে দাসুন শনাকার দলের বোলিং আক্রমণকে দুর্বল করে দিল, যা ভারতের পক্ষে সুবিধাজনক। চলতি এশিয়া কাপে ৫ ম্যাচে ৮ উইকেট ঝুলিতে পুরেছেন থিকশানা। বাংলাদেশ ম্যাচে নেন ৩ উইকেট। উল্লেখ্য, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা, ওয়ানিন্দু হাসারঙ্গার মতো তারকাদের শ্রীলঙ্কা চোটের কারণে এশিয়া কাপে পায়নি।












Click it and Unblock the Notifications