Asia Cup 2023: পাকিস্তানকে বাড়ি পাঠিয়ে এশিয়া কাপ ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা
Asia Cup 2023: এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথের সাক্ষী থাকতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। কলম্বোয় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাবর আজমের পাকিস্তানকে সব বিভাগে টেক্কা দিয়ে ২ উইকেটে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা।
এশিয়া কাপ গত বছর হয়েছিল ২০ ওভারের ফরম্যাটে, চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। এর আগে ২০১৮ সালে ৫০ ওভারের ফরম্যাটে শেষবার এশিয়া কাপ হয়েছিল। তাতে খেতাব জিতেছিল ভারত। রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা।

এই নিয়ে ১১ বার এশিয়া কাপের ফাইনালে গেল শ্রীলঙ্কা। ২৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারানোয় চাপে পড়েছিল দাসুন শনাকার দল। কিন্তু স্নায়ুযুদ্ধে বাজিমাত করলেন চরিথ আসালঙ্কা। হিসেব কষে খেলে ৪৭ বলে ৪৯ রানে অপরাজিত থেকে শেষ বলে দলকে জেতালেন তিনি। মেরেছেন তিনটি চার ও একটি ছয়।
শ্রীলঙ্কার জয়ের ভিত অবশ্য গড়ে দেন কুশল মেন্ডিস। উইকেটকিপার-ব্যাটার আটটি চার ও একটি ছয়ের সাহায্যে ৮৭ বলে ৯১ রানের ইনিংস খেলেন। সাদিরা সমরবিক্রমা করেন ৫১ বলে ৪৮। ওপেনার পাথুম নিসঙ্কা ২৯ ও কুশল পেরেরা ১৭ রান করে আউট হন। ইফতিখার আহমেদ ৮ ওভারে ৫০ রান দিয়ে তিনটি উইকেট নেন।
শাহিন শাহ আফ্রিদি ৯ ওভারে ৫২ রানের বিনিময়ে ২টি এবং শাদাব খান ৯ ওভারে ৫৫ রান খরচ করে একটি উইকেট পান। টস জিতে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ৭ উইকেটে ২৫২ তোলে পাকিস্তান। মহম্মদ রিজওয়ান ৮৬, আবদুল্লাহ শফিক ৫২ ও ইফতিখার আহমেদ ৪৭ রান করেন। মাথিশা পাথিরানা তিনটি, প্রমোদ মাদুশান দুটি এবং মাহিশ থিকশানা ও দুনিথ ওয়েলালাগে একটি করে উইকেট নেন।

ক্রিকেটারদের চোট ও অসুস্থতার কারণে পাকিস্তান সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণশক্তির দল নামাতে পারেনি। তবে শ্রীলঙ্কাও এবারের টুর্নামেন্টে প্রথম একাদশের বেশ কয়েকজনকে পায়নি চোটের কারণেই। শ্রীলঙ্কার দল ঘোষণার পর তাদের বোলিং শক্তি বেশ দুর্বল বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। তা সত্ত্বেও ফাইনালে পৌঁছে গেল দাসুন শনাকার দল।












Click it and Unblock the Notifications