Asia Cup 2023: বিশ্বকাপের আগে শ্রেয়সের চোটে বাড়ল চিন্তা, এনসিএ-র ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন
বিশ্বকাপ শুরু হতে এক মাসও সময় বাকি নেই।এরইমধ্যে চোটের উদ্বেগ ভারতীয় শিবিরে। দীর্ঘদিন পর চোট কাটিয়ে ভারতীয় দলে ফিরেছিলেন। কিন্তু দুটি ম্যাচের পর আবার চোটের কবলে পড়লেন শ্রেয়স আইয়ার।ব্যাক স্প্যাজমের কারণে শ্রেয়স আইয়ার এই ম্য়াচ থেকে ছিটকে গিয়েছেন বলে জানিয়েছেন রোহিত শর্মা। বিশ্বকাপের আগে শ্রেয়সের চোট নতুন করে উদ্বেগ বাড়াল ভারতীয় শিবিরে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শ্রেয়সের চোটের কথা প্রকাশ্যে আসে, চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনই টিম ইন্ডিয়া থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই থেকেই আর মাঠে দেখা যায়নি শ্রেয়স আইয়ারকে। এবারের কেকেআরের হয়ে নামতে পারেননি শ্রেয়স আইয়ার। তাঁর পরিবর্তে নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব উঠেছিল নীতিশ রানার ওপরে।

শুধু আইপিএল নয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল,ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড সিরিজেও খেলতে পারেনি শ্রেয়স। চোটের পর তাঁকে সরাসরি এশিয়া কাপ এবং তারপর বিশ্বকাপের দলেও সুযোগ করে দেওয়া হয়। চোট কাটিয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেননি, এরপর নেপাল ম্যাচে দলে থাকলেও ব্যাট করার সুযোগ হয়নি।
সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে দুঃসংবাদ শোনালেন রোহিত শর্মা। দলের তারকা ব্যাটসম্যানের পিঠে নতুন করে ব্যাথা শুরু হয়েছে। ফলে তাঁর পরিবর্তে দলে আসেন লোকেশ রাহুল। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে এনসিএ থেকে ফিট সার্টিফিকেট পাওয়ার পরে কীভাবে দুটি ম্যাচ খেলার পরই আবার ব্যাক স্প্যাজমের শিকার হন আইয়ার?

ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের পরিকল্পনা অনুসারে চার নম্বরে ব্যাট করার কথা শ্রেয়সের। একদিনেলর ক্রিকেটে চার নম্বর জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গায় ব্যাটিং নিয়ে চর্চা কম হয়নি। কিন্তু শ্রেয়সের উপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু শ্রেয়সের পিঠের ব্যাথা দ্রুত না সারলে নতুন করে ভাবতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
গত মার্চ মাসে অস্ত্রোপচার করা হয় ভারতীয় ক্রিকেটারের। সেই প্রসঙ্গে লশ্রেয়স আইয়ার জানিয়েছিলেন, 'আমি যন্ত্রণার একেবারে শেষ সীমায় পৌঁছে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম যে অপারেশন করানো ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই। ফিজিও এবং বিশেষজ্ঞরাও সেই একই পরামর্শ দিলেন।' পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের এই মিডল অর্ডার ব্যাটার সতীর্থ ক্রিকেটারদেরও ধন্যবাদ জ্ঞাপন করলেন যাঁরা শ্রেয়সের এই কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন।












Click it and Unblock the Notifications