Asia Cup 2023: রোহিত স্পষ্ট করে দিলেন ব্যাটারদের থেকে প্রত্যাশা, বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ শিখর ধাওয়ানের
Asia Cup 2023: এশিয়া কাপের ভারতীয় দলে তেমন বড় চমক নেই। লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার চোট সারিয়ে ফিরেছেন। রাহুলের সামান্য চোট থাকায় ব্যাক আপ হিসেবে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে।
এই দল থেকে যে ইঙ্গিত মিলেছে তাতে সঞ্জু স্যামসনের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই। আর নির্বাচক প্রধান অজিত আগরকর স্পষ্ট করে দিয়েছেন, শিখর ধাওয়ান বিশ্বকাপের দলে থাকবেন না।

ভারতীয় দলের ব্যাটিং বিভাগে মিডল অর্ডারে অধিনায়ক রোহিত শর্মা চাইছেন এমন প্লেয়ারের, যাঁরা যে কোনও জায়গায় খেলতে পারবেন। দিল্লিতে দল নির্বাচনী বৈঠকের পর রোহিত বলেন, সকলকেই যে কোনও জায়গায় খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। কারও এটা বলা উচিত নয়, আমি এই পজিশনে ভালো। যে কোনও জায়গায় ব্যাটিংয়ের জন্য তৈরি থাকতে হবে।
গত তিন-চার বছর ধরেই এই বার্তা দলের সদস্যদের দেওয়া আছে বলে জানান রোহিত। তিনি বলেন, বাইরের কারও পক্ষে বোঝা সম্ভব নয় যিনি ছয়ে ব্যাট করেন তাঁর চারে ব্যাট করতে নামার কারণ। এটা আন্তর্জাতিক ক্রিকেট, ক্লাব ক্রিকেট নয়। এটা এমন নয় যে, ঘুমোতে যাওয়ার আগে একজনকে একটা পজিশনের জন্য ভেবে, পরদিন সকালে অন্য জায়গায় নামানো হলো।
রোহিতের দাবি, দল কার কাছে কী চাইছে সেই বার্তা দেওয়া থাকে। ৭-৮ জন প্লেয়ারকে তৈরি রাখা হয় যে কোনও জায়গায় ব্যাটিং করার জন্য। এতে কেউ একটা জায়গায় আবদ্ধ থাকেন না, তাঁদের থেকে সেরাটা বের করে আনা যায়। এই ফ্যাক্টরে অক্ষর প্যাটেল দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন বা ওয়াশিংটন সুন্দরকে পিছনে ফেলেছেন বলে ইঙ্গিত রোহিতের।

সাদা বলের ক্রিকেটে অক্ষর প্যাটেলের ভূমিকার প্রশংসা করে রোহিত বলেন, তিনি একজন বাঁহাতি। ফলে অক্ষরকে প্রয়োজনে উপরে ব্যাট করতে পাঠানো যায়। আবার প্রয়োজন হলে স্পিনারদের বিরুদ্ধে খেলার জন্য তাঁকে নামানো যায়। অক্ষরের উপস্থিতি দলের ব্যাটিং গভীরতাও বাড়াচ্ছে। রোহিতের ফ্লেক্সিবিলিটি তত্ত্বকে সমর্থন করেছেন আগরকরও। জোর দিয়েছেন মানসিক প্রস্তুতিতেও।
রোহিত পরে আরও বিস্তৃতভাবে নিজের পরিকল্পনা জানাতে গিয়ে বলেন, বিষয়টি এমন নয় যে ওপেনারকে সাতে পাঠাব বা হার্দিক পাণ্ডিয়াকে ওপেন করতে পাঠাব। সাত-আট বছর ধরে শিখরের সঙ্গে আমি ওপেন করেছি। বিরাট খেলেছেন তিনে। তরুণ ক্রিকেটাররা খেলেছেন চারে-পাঁচে। তাঁদের কথাই বলা হয়েছে যে কোনও জায়গায় নামার জন্য।
রোহিতের কথায় ইঙ্গিত মিলেছে, শুভমানের সঙ্গে তিনি ওপেন করবেন। তিনে বিরাট, চারে শ্রেয়স, পাঁচে ফিট থাকলে রাহুল। ছয়ে হার্দিক, সাতে জাদেজা। চার বা পাঁচ থেকে আট পর্যন্ত এমন প্লেয়ারদের তিনি চাইছেন যাঁরা প্রয়োজনে ব্যাটিং অর্ডারে উপরে নামতে পারেন। এদিকে, অজিত আগরকর বলেছেন, শিখর ধাওয়ান অসাধারণ ক্রিকেটার হলেও রোহিত, ঈশান বা শুভমানের ফর্মের কারণে তাঁকে বাইরে থাকতে হচ্ছে।












Click it and Unblock the Notifications