Asia Cup 2023: এশিয়া কাপ জয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী রোহিত, সিরাজ বিশ্বের তৃতীয় বোলার হিসেবে গড়লেন নজির
Asia Cup 2023: এশিয়া কাপ ফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে মোট রান উঠেছে ১০১। যা দুই দলের দ্বৈরথে সবচেয়ে কম। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত ৫০ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দেয় মহম্মদ সিরাজের বিধ্বংসী স্পেলে ভর করে।
২৬৩ বল বাকি থাকতে রোহিত শর্মার দল ১০ উইকেটে ম্যাচ জিতে অষ্টমবারের জন্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বকাপের আগে এই পারফরম্যান্স ভারত অধিনায়ক রোহিত শর্মাকেও আত্মবিশ্বাসী করে তুলল।

রোহিতের কথায়, ফাইনালে এভাবে খেলা এক কথায় গ্রেট পারফরম্যান্স। দলের মানসিকতার পরিচায়ক। আমাদের সিমাররা বিগত কয়েক বছর ধরে যে পরিশ্রম করছেন এটা তারই সুফল। এই পারফরম্যান্স দীর্ঘদিন মনে রাখার মতো। ক্রিকেটারদের দক্ষতার কারণেই এটা সম্ভব হয়েছে বলে উপলব্ধি রোহিতের।
সতীর্থরা যেভাবে একে অপরের পরিপূরক হয়ে উঠছেন, একজন অপরজনকে সাপোর্ট দিচ্ছেন সেটাই ইতিবাচক দিক হিসেবে চিহ্নিত করেছেন রোহিত। বোলারদের পারফরম্যান্সের পাশাপাশি বিভিন্ন ম্যাচে ব্যাটাররা যেভাবে পারফর্ম করেছেন সেটাও আত্নবিশ্বাস বাড়িয়েছে হিটম্যানের। চাপের মুখেও যাঁরা পারফর্ম করছেন তাঁদের কথাও উল্লেখ করেন রোহিত।

ভারত অধিনায়ক বলেন, প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেট পড়ার চাপ তৈরি হয়েছিল। হার্দিক পাণ্ডিয়া ও ঈশান কিষাণ সেই ম্য়াচে ব্যাটিংয়ের হাল ধরেন। এরপর লোকেশ রাহুল ও বিরাট কোহলি শতরান পেলেন। শুভমান গিল দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। তিনি ব্যাটিং করতেই ভালোবাসেন। এতে দল উপকৃতও হচ্ছে।
মহম্মদ সিরাজ একাধিক নজির গড়েছেন এশিয়া কাপের ফাইনালে। তার মধ্যে অন্যতম ১৬ বলের ব্যবধানে ৫ উইকেট নেওয়া। একদিনের আন্তর্জাতিকে যা যুগ্ম দ্রুততম। ২০০৩ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার চামিন্ডা ভাস এবং চলতি বছর আমেরিকার আলি খান জার্সির বিরুদ্ধে ৫ উইকেট নেন ১৬টি ডেলিভারির মধ্যেই।












Click it and Unblock the Notifications