Asia Cup 2023: পাকিস্তানকে লড়াইয়ে রাখলেন রিজওয়ান-শফিক, ফাইনালে যেতে শ্রীলঙ্কাকে বেঁধে ফেলতে হবে কত রানে?
Asia Cup 2023: এশিয়া কাপে সুপার ফোর পর্বের মরণ-বাঁচন ম্যাচে শ্রীলঙ্কার সামনে ৪২ ওভারে ২৫৩ রানের টার্গেট দিল পাকিস্তান। বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমেছে। পাকিস্তান ৪২ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে।
পাকিস্তানের হয়ে ৭৩ বলে সর্বাধিক ৮৬ করে অপরাজিত থাকেন মহম্মদ রিজওয়ান। তিনি ৬টি চার ও ২টি ছয় মেরেছেন। মাথিশা পাথিরানা তিনটি ও প্রমোদ মাদুশান ২টি উইকেট দখল করেছেন।

পাকিস্তানের বোলিং বিভাগ আগেই ধাক্কা খেয়েছে হ্যারিস রউফ ও নাসিম শাহের চোটের কারণে। শ্রীলঙ্কা ম্যাচের আগে গতকাল যে একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান, তাতেও রদবদল করতে হয়েছে। ইমাম-উল-হকের ব্যাক স্প্যাজম ও সাউদ শাকিলের জ্বর। ফলে ফখর জামান ও আবদুল্লা শফিককে দলে নিতে বাধ্য হন বাবর আজমরা।
কলম্বোর বৃষ্টির কারণে এদিনের খেলা দেরিতে শুরু হয়। প্রথমে ঠিক ছিল ৪৫ ওভারের খেলা হবে। ২৭.৪ ওভারে পাকিস্তানের স্কোর যখন ৫ উইকেটে ১৩০ তখন ফের বৃষ্টি নামে। এরপর ঠিক হয় ৪২ ওভারের ম্যাচ হবে। এমনিতে শ্রীলঙ্কা নেট রান রেটে এগিয়ে রয়েছে পাকিস্তানের চেয়ে। আজ যদি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায় তাহলে ছিটকে যাবে পাকিস্তান।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাবর আজম। আবদুল্লাহ শফিক তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৬৯ বলে ৫২ রান করেন। ফখর জামান ৪ রানে আউট হন। ৩৫ বলে ২৯ রান করে দুনিথ ওয়েলালাগের বলে স্টাম্প আউট হন বাবর আজম। মহম্মদ হ্যারিস ৩, মহম্মদ নওয়াজ ১২ রান করেন। চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪০ বলে ৪৭ রান করেন ইফতিখার আহমেদ।
পাকিস্তানকে লড়াইয়ের জায়গায় রাখলেন চারে নামা মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের ৫ উইকেট পড়েছিল ১৩০ রানে। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে রিজওয়ান ও ইফতিখার ১০৮ রানের মূল্যবান পার্টনারশিপ গড়েন।
শ্রীলঙ্কার সফলতম বোলার হলেন মাথিশা পাথিরানা। তিনি ৮ ওভারে ৬৫ রানের বিনিময়ে তিনটি উইকেট পান। প্রমোদ মাদুশানের ৭ ওভারে ১টি মেডেন, ৫৮ রান দিয়ে তিনি পেলেন ২টি উইকেট। মাহিশ থিকশানা ও ওয়েলালাগে একটি করে উইকেট দখল করেছেন।












Click it and Unblock the Notifications