Asia Cup 2023: ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে পাকিস্তান, বাবর আজমরা প্রকাশ্যে আনলেন প্রথম ১১
Asia Cup 2023: এশিয়া কাপে কাল পাল্লেকেলেতে মহারণ। এশিয়া কাপে সফলতম দেশ ভারতের মুখোমুখি বিশ্বের ১ নম্বর ওডিআই দল পাকিস্তান। উদ্বোধনী ম্যাচে মুলতানে বাবর আজমের দল নেপালকে হারিয়ে এসেছে ২৩৮ রানে।
মুলতান থেকে গতকালই শ্রীলঙ্কা পৌঁছেছে পাকিস্তান। আজ পুরোদস্তুর অনুশীলন করল পাকিস্তান। অনুশীলনের ফাঁকে পাক পেসার হ্যারিস রউফকে আলিঙ্গন করে কিছুক্ষণ কথাও বলেন বিরাট কোহলি।

পাকিস্তান অধিনায়ক ম্যাচের আগের সাংবাদিক বৈঠকে বলেন, আমাদের উপর কোনও চাপ নেই। জয়ের ধারাবাহিকতা বজায় রাখারই চেষ্টা আমরা করব। বিশ্বের সকলে এই ম্যাচের অপেক্ষা করে রয়েছেন। আশা করি, ভালো ম্যাচেরই সাক্ষী থাকবেন তাঁরা।
ভারতের বিরুদ্ধে মিডল অর্ডার ভরসা দেবে বলে আশাবাদী বাবর। প্রথম ম্যাচে বাবরের পাশাপাশি শতরান করেন ইফতিখার আহমেদ। তবে মেন ইন ব্লু-র বিরুদ্ধে বড় রান তুলতে মেন ইন গ্রিন তাকিয়ে মিডল অর্ডারের দিকে। বাবর যদিও বলেন, মিডল অর্ডারে আমাদের কিছুটা সমস্যা ছিল। যদিও সেই সমস্যা অনেকটাই কেটে গিয়েছে। মিডল অর্ডার ছন্দ ফিরে পেয়েছে।

বাবরের কথায়, টপ অর্ডার অবদান রাখছে। মিডল অর্ডারের ব্য়াটাররাও চেষ্টা করছেন। আশা করছি, ভারতের বিরুদ্ধে তাঁরা প্রত্যাশিত পারফরম্যান্সই উপহার দেবেন। উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের সঙ্গে এ গ্রুপে রয়েছে নেপাল। ফলে ভারত ও পাকিস্তানই সুপার ফোরে যাবে। সেক্ষেত্রে ফের ভারত-পাক দ্বৈরথ হবে ১০ সেপ্টেম্বর।
ভারত ম্যাচের আগের দিন প্রথম একাদশ প্রকাশ্যে না আনলেও নেপাল ম্যাচের মতো এই ম্যাচের আগের দিনই পাকিস্তান প্রথম এগারো ঘোষণা করে দিল। ভারতের বিরুদ্ধে ম্যাচের দল অপরিবর্তিত রাখা হয়েছে। ২০১৯ সালের বিশ্বকাপের পর এই প্রথম ওডিআই ফরম্যাটে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।
২০১৯ সালের বিশ্বকাপের পর পাকিস্তান ২৯টি ওডিআই খেলেছে। যার মধ্যে চলতি বছরেই খেলেছে ১২টি। বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার বাবর আজম করেছেন ৬৮৯ রান, ফখর জামান করেছেন ৫৯৩ রান, উমাম উল হক করেছেন ৩৬১ রান।
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের একাদশ- ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সলমন, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ।












Click it and Unblock the Notifications