Asia Cup 2023: ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে শক্তিক্ষয় বাংলাদেশের, বড় ধাক্কা পাকিস্তানেও
খাতায় কলমে টুর্নামেন্ট থেকে বিদায় হয়েই গিয়েছে। তবে ভারতের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ এই ম্যাচের আগে শক্তিক্ষয় হল বাংলাদেশ দলের।শুক্রবার ১৫ সেপ্টেম্বর কলম্বোতে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারত। তবে বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকর রহিমকে সেই ম্যাচে পাওয়া যাবে না। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরেছেন মুশফিকর।
বাংলাদেশ দল সূত্রে জানা গিয়েছে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে এসেছেন দলের নির্ভরযোগ্য এই ক্রিকেটার। মুশফিকরের অনুপস্থিতিতে শেষ ম্যাচে একাদশে সুযোগ পেতে পারেন দলের একমাত্র বিকল্প উইকেটরক্ষক আনামুল হক বিজয়। এমনিতেই প্রথম দুটি ম্যাচে হেরে সুপার থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। শেষ ম্যাচ শুধু সম্মান রক্ষার।

এশিয়া কাপের ফাইনাল ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ভারতীয় দল। এই ম্যাচে ভারতীয় দলের বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়া হতে পারে। বিশেষ করে বোলিং বিভাগে জসপ্রীত বুমরাহকে রিজার্ভে রেখে শামিকে খেলানো হতে পারে।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে কার্যত সেমিফাইনাল ম্যাচ পাকিস্তানের। এই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান টিম। পুরো এশিয়া কাপ থেকেই ছিটকে গিয়েছেন নাসিম শাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা তো দূরের কথা। পাকিস্তান ফাইনালে উঠলেও খেলতে পারবে না দলের তারকা পেসার।
বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচটি গত রবি এবং সোমবার মিলিয়ে খেলা হয়েছে। আর এই ম্যাচেই পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ চোট পান। নাসিমের আগে অবশ্য চোট পেয়েছিলেন হ্যারিস রউফ। হারিস ম্যাচের নির্ধারিত দিনে(রবিবার) ডান পাশের পাঁজরে চোট পান। গতকাল রিজার্ভ ডেতে বোলিং করেননি। নাসিম রিজার্ভ ডেতে ডান কাঁধে চোট পান।

তাদের বিকল্প হিসেবে পিসিবি ডেকেছে শাহনেওয়াজ ধানি এবং জামান খানকে। যদিও তাদের এখনও দলের সঙ্গে যুক্ত করা হয়নি।পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, 'পরের মাসে বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই দুই তরুণ বোলারকে নিয়ে আসা হয়েছে। রউফ এবং নাসিমের উপর নজর রাখা হচ্ছে। '












Click it and Unblock the Notifications