Asia Cup 2023:প্রথমবার মহারণে নামছেন ভারতের কোন ক্রিকেটাররা? দেখে নিন ভারত পাক ম্যাচের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান
শনিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। কেমন হবে ভারতের টিম কম্বিনেশন। তা নিয়ে জল্পনা তুঙ্গে। কিন্তু ভারতীয় বেশ কয়েকজন ক্রিকেটার আছেন যারা প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। তরুণ ক্রিকেটারদের সেই তালিকাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
শনিবার রোহিতের সঙ্গে ওপেন করতে নামবেন শুভমন গিল। কিন্তু চমকপ্রদ তথ্য হল এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচেও খেলেননি গিল। শনিবারই মেন ইন ব্লুর জার্সিতে মহারণে অভিষেক হচ্ছে তাঁর। তালিকায় দ্বিতীয় নাম শার্দূল ঠাকুর। বেশ কয়েক বছর ভারতীয় দলের হয়ে খেললেও পাকিস্তান ম্যাচে খেলার অভিজ্ঞতা এখনও হয়নি তাঁর।

শনিবারের ম্যাচে চমক হতেই পারেন প্রসিদ্ধ কৃষ্ণা। শামি-সিরাজ-বুমরাহরা থাকলেও প্রসিদ্ধ খেললে এটাই হবে তাঁর প্রথম পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। কেএল রাহুল না থাকায় কে হবেন উইকেটরক্ষক। তালিকায় সঞ্জুর সঙ্গে আছেন ঈশান কিষানও। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম অভিষেকের অপেক্ষায় ঝাড়খণ্ডের তরুণ। তালিকায় আরও এক নাম তিলক ভার্মা।
একদিনের ক্রিকেটে ভারত-পাক দ্বৈরথের ইতিহাস ৫৫ বছরের পুরনো। ওয়ান ডে ক্রিকেটে এখনও পর্যন্ত ১৩২ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। মুখোমুখি দ্বৈরথের নিরিখে এগিয়ে পাকিস্তান। দুই চির প্রতিপক্ষ এখনও পর্যন্ত ১৩২টি ওয়ান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাকিস্তান জিতেছে ৭৩টি ম্যাচ। ৫৫টি ম্যাচে জিতেছে ভারত। ৪টি ম্যাচে কোনও ফল হয়নি।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে অবশ্য পরিসংখ্যান ভারতের পক্ষে। কারণ, এই মাঠে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। পাল্লেকেলে স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৩টি একদিনের ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। ৩টি ম্যাচেই জিতেছে ভারত। জয়যাত্রা শুরু হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। বিরাট কোহলির নেতৃত্বে দুটি ম্যাচ জিতেছে ভারত। তিন ম্যাচেই ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
এশিয়া কাপের ইতিহাসে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে ১৫টি। তার মধ্যে ভারতের জয় ৮টিতে। পাকিস্তান জিতেছে ৫টিতে। দুটি ম্যাচ পরিত্যক্ত। শেষ পাঁচটি সাক্ষাতের নিরিখে ভারত এগিয়ে রয়েছে ৪-১ ব্যবধানে।
মুখোমুখি লড়াইতে এগিয়ে থাকার পাশাপাশি এশিয়া কাপে মোট জয়-পরাজয়ের হিসেবেও ভারত অনেকখানি এগিয়ে রয়েছে পাকিস্তানের তুলনায়। ভারত-পাক ম্যাচে ৫২.৯৪ শতাংশ সাফল্যের হার ভারতের। পাকিস্তানের সাফল্যের হার সেখানে ৩৫.২৯ শতাংশ।

এর আগে সাতটি এশিয়া কাপ জিতেছে ভারত। পাকিস্তান সাফল্য পেয়েছে মাত্র ২ বার।১৯৮৪,১৯৮৮,১৯৯০,১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০০০,২০১২ প্রতিযোগিতার সফলতম দল ছিল পাকিস্তান। ছয়টি খেতাব জিতে টিম ইন্ডিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে খেতাব জিততে মরিয়া থাকবে তারাও। 'মেন ইন ব্লু'র জন্য লড়াই যে সহজ হবে না তা বোঝা যায় টুর্নামেন্টের সূচিতে নজর রাখলেই।












Click it and Unblock the Notifications