Asia Cup 2023: এশিয়া কাপের আগে ধাক্কা খেল ভারত, পাকিস্তান ও নেপাল ম্যাচে নেই রোহিত-রাহুলের অন্যতম বড় ভরসা
Asia Cup 2023: এশিয়া কাপ শুরু হচ্ছে কাল। তার আগে ধাক্কা খেল ভারতীয় দল। ফিটনেস কাঙ্ক্ষিত জায়গায় না পৌঁছনোয় গ্রুপ পর্বের ম্যাচগুলি থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট আশাবাদী সুপার ফোরে তিনি খেলতে পারবেন।
সেপ্টেম্বরের ২ ও ৪ তারিখ যথাক্রমে পাকিস্তান ও নেপালের বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচে ভারত পাচ্ছে না লোকেশ রাহুলকে। আজ এ কথা জানিয়েছেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়।

এশিয়া কাপের দল ঘোষণার আগে থেকে চর্চায় ছিল রাহুলের ফিটনেস। তাঁর মূল চোট পুরোপুরিভাবে সেরে গেলেও অন্য জায়গায় ফের চোট পান রাহুল। ফিটনেস ও স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি নেটে ব্যাট করলেও প্রথমদিকে উইকেটকিপিং করছিলেন না। পরে সেটাও শুরু করেন। নেটে ব্যাটিংয়ের সময় তাঁর অস্বস্তি হচ্ছে, এমনটাও দেখে মনে হয়নি।
রাহুলকে এশিয়া কাপের দলে রেখে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয় সঞ্জু স্যামসনকে। আলুরে ভারতীয় দলের শিবির চলছে। আজ সাংবাদিক বৈঠকে রাহুল দ্রাবিড় বলেন, রাহুলের ফিটনেসের উন্নতি ভালোই হচ্ছে। কিন্তু রাহুল পাকিস্তান ও নেপালের বিরুদ্ধে খেলতে পারবেন না। ৪ সেপ্টেম্বর রাহুলের ফিটনেস ফের যাচাই করা হবে বলেও জানান ভারতীয় দলের হেড কোচ।

ভারত নিশ্চিতভাবেই সুপার ফোরে উঠবে। সেক্ষেত্রে সুপার ফোরে ভারত-পাকিস্তান দ্বৈরথ হওয়ার সম্ভাবনা রয়েছে ১০ সেপ্টেম্বর। ভারতের দল ঘোষণার দিন নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকর ইঙ্গিত দিয়েছিলেন এশিয়া কাপের প্রথম দিকের ম্যাচগুলিতে রাহুল নাও খেলতে পারেন। সেই আশঙ্কাই সত্যি হলো। ভারতীয় দল কাল শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হলেও যাবেন না রাহুল।
রাহুল দ্রাবিড় জানান, রাহুলের ফিটনেসের উন্নতির লক্ষণ ইতিবাচক। উল্লেখ্য, আইপিএলে লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন। অস্ত্রোপচারও করাতে হয়। এরপর থেকেই চলতে থাকে রিহ্যাব। তবে অনুশীলনে ফেরার পরই মূল চোটের জায়গায় না হলেও অন্য জায়গায় চোট লাগে। ভারতীয় দলের শিবিরের তৃতীয় দিন থেকে রাহুল কিপিং করছেন।
রাহুল ছিটকে যাওয়ায় এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে উইকেটের পিছনে দেখা যাবে ঈশান কিষাণকেই। সেক্ষেত্রে কিষাণ অধিনায়ক রোহিতের সঙ্গে ওপেন করবেন কিনা তা স্পষ্ট নয়। রোহিত শর্মার সঙ্গে শুভমান গিলের ওপেন করার সম্ভাবনাই বেশি। কিন্তু কিষাণ ওপেন করলে শুভমানকে তিনে পাঠিয়ে, চারে বিরাট কোহলিকে নামানোর পথ খোলা থাকবে।












Click it and Unblock the Notifications