Asia Cup 2023: রাহুলের শতরান কামব্যাক ম্যাচে, পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে সেঞ্চুরিতে খরা মিটল ২ বছরের
Asia Cup 2023: এশিয়া কাপে কামব্যাক ম্যাচেই দুরন্ত শতরান হাঁকালেন লোকেশ রাহুল। মার্চের পর এই প্রথম কোনও ওডিআই খেললেন। আজ কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে শতরান রাহুলের কেরিয়ারকেও দিল অক্সিজেন।
এশিয়া কাপের শুরুতে চোট থাকায় খেলতে পারেননি। ঈশান কিষাণ সুযোগ পেয়ে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্য়াচে ব্যাট হাতে খেলেছিলেন দায়িত্বশীল ইনিংস। সেই পাকিস্তানের বিরুদ্ধে আজ বিরাট কোহলির সঙ্গে দুরন্ত পার্টনারশিপ গড়ে সেঞ্চুরি হাঁকালেন সুনীল শেট্টির জামাই।

রাহুল একদিনের আন্তর্জাতিকে ৫৫তম ম্য়াচে ৫৩তম ইনিংসে পেলেন ষষ্ঠ শতরান। এর আগে তাঁর শতরান ছিল নিউজিল্যান্ড (১১২), শ্রীলঙ্কা (১১১), ইংল্যান্ড (১০৮), ওয়েস্ট ইন্ডিজ (১০২) ও জিম্বাবোয়ে (অপরাজিত ১০০)-র বিরুদ্ধে। ২০২১ সালের মার্চে পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৮ রানের ইনিংস খেলেছিলেন। তারপর এলো এদিনের শতরান।
এই সময়কালে অবশ্য রাহুল পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৫, আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৯, মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ৭৩, শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ৬৪, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৫ রানের ইনিংস খেলেছেন। কিন্তু আইপিএলের সময় কোয়াড ইনজুরির জেরে মাঠের বাইরে যেতে হয়েছিল। অস্ত্রোপচার হয়। বিশ্বকাপের আগে ফিট হবেন কিনা তা নিয়ে সংশয় ছিল।

এশিয়া কাপের আগে আলুরে ভারতীয় দলের প্রস্তুতি শিবিরেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন। কিন্তু নতুন জায়গায় চোট পাওয়ায় পরে ভারতীয় দলের সঙ্গে যোগ দেন। এদিনের শতরানটি রাহুলের ওডিআই কেরিয়ারের অন্যতম স্মরণীয় হয়ে রইল। শ্রেয়স আইয়ার ফিট থাকলে পাকিস্তান ম্যাচে রাহুলের খেলার কথা ছিল। ব্যাক স্প্যাজমের কারণে খেলতে পারছেন না শ্রেয়স।
শ্রেয়সের জায়গায় দলে এসেই দাপুটে শতরান হাঁকালেন রাহুল। যা নিশ্চিতভাবেই কাজ কঠিন করে দিল টিম ম্যানেজমেন্টের। কেন না, ঈশান কিষাণ ও লোকেশ রাহুল দুজনেই উইকেটকিপার-ব্যাটার হিসেবে রয়েছেন। দুজনেই পাকিস্তান ম্য়াচে যে সাফল্য পেলেন তাতে তাঁদের বাদ দেওয়া সমস্যা হবে। ফলে চাপ বাড়ল শ্রেয়সের উপর।
গতকাল রাহুল অপরাজিত ছিলেন ১৭ রানে। আদ ৬০ বলে অর্ধশতরান পূর্ণ করেন। তখনও অবধি পাঁচটি চার ও একটি ছয় মেরেছিলেন। ১০০ বলে শতরান পূর্ণ করেন। নাসিম শাহের বলে ২ রান নিয়ে। সেই সময় রাহুলের পাশে ১০টি চার ও ২টি ছয়। রাহুল ও বিরাটের জুটিতে ২০০ রান ওঠে মাত্র ১৭৯ বলে।
এশিয়া কাপের শুরু থেকে খেললে রাহুল ছিলেন প্রথম পছন্দের কিপার। আজকের শতরান বিশ্বকাপের একাদশে তাঁর জায়গা পাকা করল। একদিকে কামব্যাক ম্যাচ। একাদশে সুযোগ পাওয়ার চরম প্রতিদ্বন্দ্বিতা। দু-দিন ধরে ম্যাচ চলছে। ভারতের ব্যাটিং শুরুর আগে আজ বৃ্ষ্টি হয়েছে। আকাশ মেঘলা। সর্বোপরি প্রতিপক্ষ পাকিস্তান। তাই এই ইনিংস অতুলনীয়।












Click it and Unblock the Notifications